অর্থপাচার মামলায় অব্যাহতি পেলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মরিয়ম মমতাজ মেরী অব্যাহতি পেয়েছেন। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁদেরকে অব্যাহতির আদেশ দেন।বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এরশাদ ও মরিয়মের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। বর্তমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামমোহন নাথ সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। তাতে বলা হয়, মামলাটির ক্ষেত্রে সঠিক তথ্যের ওপর ভিত্তি করে এজাহার করা হয়নি। মামলায় অভিযোগ করা হয়েছিল, মরিয়মের নামে ৩১ কোটি টাকা লন্ডনের বিসিসিআই ব্যাংকের হিসাব নম্বরে পাঠান এরশাদ। মরিয়ম ওই ব্যাংকের নিজ হিসাব নম্বরে টাকাগুলো জমা রাখেন। এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আকতারুজ্জামান ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে বর্তমান দুদকের আইনজীবীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তদন্তের জন্য বিদেশে তদন্ত করে বর্তমানে সুফল পাওয়া যাবে না। এতে বৈদেশিক মুদ্রার অপচয় হবে। দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ যে তথ্য পেয়েছে, তার অতিরিক্ত তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। এরশাদ ও মরিয়ম আজ তাঁদের আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করেছেন।