অর্থপাচার মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে এ মামলায় আগামী ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালত।মামলায় তারেককে পলাতক দেখিয়ে এ অভিযোগ গঠন করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।অভিযোগ গঠনবিষয়ক শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন আদালতের নির্দেশে গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযোগ পড়ে শোনান। এ সময় জানতে চাইলে মামুন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আর তারেকের পক্ষে আরও সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।রাষ্ট্রপক্ষে দুদকের প্রধান আইনজীবী আনিসুল হক আদালতকে বলেন, গত ২৫ জুলাই তারেকের উপস্থিতি এবং অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। তারেক রহমানের পক্ষে গত তারিখেও একই ধরনের সময়ের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত উচ্চ আদালতের আদেশ দাখিল ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। আজও আসামিপক্ষ থেকে উচ্চ আদালতের অনুলিপি পাননি বলে আবেদন করা হয়। এ ক্ষেত্রে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আইনগত কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘মামলা চলাকালে উচ্চ আদালতের কোনো আদেশ যদি আসামিপক্ষ আদালতে দাখিল করে, আমরা তা মেনে নেব এবং আদালতের কার্যক্রম সে আদেশ অনুসারে চলবে।’তারেকের পক্ষে আইনজীবী জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার এবং মামুনের পক্ষে ফকরুল ইসলাম মামলা পরিচালনা করেন।এদিকে অভিযোগ গঠন করার পর মামুনের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হলে আদালত বলেন, অভিযোগ গঠনের বিষয়ে আদেশ হয়েছে। এ পর্যায়ে এ বিষয়ে শুনানির কোনো সুযোগে নেই। এ সময় মামুনের জন্য চিকিৎসার আবেদন করা হলে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।তারেকের আইনজীবীরা আদালতকে বলেন, তারেক রহমান সরকারের নির্বাহী আদেশ ও উচ্চ আদালতের আদেশে বিদেশে চিকিৎসার জন্য আছেন। এ ছাড়া এ মামলা বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন। ওই খারিজ আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়া পর্যন্ত অভিযোগ গঠন বিষয়ে শুনানি মুলতবি রাখার আবেদন করেন তাঁরা।অবৈধভাবে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক এ মামলা করে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বর্তমানে চিকিৎসার জন্য কয়েক বছর ধরে বিদেশে আছেন।