অর্থপাচার মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারির আবেদন
অর্থপাচারের অভিযোগ করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের আইনজীবী মোশারফ হোসেন এ আবেদন করেন।ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে এ আবেদন করা হয়।তারেক রহমান চিকিত্সার জন্য বেশ কিছুদিন ধরে বিদেশে আছেন। দুদকের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ তারেক রহমান ও গিয়াসউদ্দিনের উপস্থিতির দিন ধার্য ছিল। তারেক রহমানের অবস্থান সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী আদালতকে অবহিত করেননি। তাই আসামির অবস্থান নিশ্চিত করতে দুদক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে।আজ আসামিপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন ও তাহেরুল ইসলাম তৌহিদ সময় চেয়ে আদালতকে বলেন, গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে। তা শুনানি না হওয়া পর্যন্ত সময়ের প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ৩ জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।মামলার অন্য আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়।প্রসঙ্গত, বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের অক্টোবরে দুদক এ মামলা করে। অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। এতে বলা হয়, তারেক রহমান মামুনের মাধ্যমে ২০০৩ সাল থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন।