অর্থপাচারের অভিযোগ অস্বীকার করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মার্কিন পর্যবেক্ষণ সংস্থা ব্রিটিশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অর্থপাচারের যে অভিযোগ এনেছে, তা অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ফিনেন্সিয়াল সার্ভিসেস (ডিএফএস) বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের পরও ব্যাংকটি ইরানে প্রায় ২৫ হাজার কোটি ডলার পাচার করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ‘দুর্বৃত্ত ব্যাংক’ আখ্যা দিয়ে ডিএফএস প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল এবং জরিমানা আরোপের ঘোষণা দিলে আজ মঙ্গলবার ব্যাংকটির কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।ব্যাংক কোম্পানিটির সচিব অ্যানমেরি ডার্বিন এক বিবৃতিতে বলেন, ‘ডিএফএসের নির্দেশপত্রে কোম্পানির অবস্থার যে চিত্র বা অবস্থান বর্ণনা করা হয়েছে, তা কোম্পানি প্রত্যাখ্যান করছে। ডিএফএসের নির্দেশপত্রে কোম্পানিটি সম্পর্কে যে বিবরণ দেওয়া হয়েছে, তা পরিপূর্ণ ও সঠিক বলে মনে হয় না।’ব্যাংকটি যুক্তরাষ্ট্রে তার লাইসেন্স হারাতে পারে—এ আশঙ্কায় লন্ডনে ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ এবং হংকংয়ে প্রায় ৭.৫ শতাংশ কমে গেছে।ডিএফএস বলছে, ব্যাংকটি বিভিন্ন কৌশলে ইরানের সঙ্গে বিদেশি মুদ্রা লেনদেন করেছে। এতে মার্কিন ব্যাংক ব্যবস্থা সন্ত্রাসী ও অপরাধীদের জন্য উন্মুক্ত থেকে গেছে। পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৬০ হাজার লেনদেন গোপন করেছে। ডিএফএস ১৫ আগস্টের মধ্যে ব্যাংকটিকে আইন ভাঙার বিষয়ে বক্তব্য হাজির করতে বলেছে।আল-জাজিরার এক প্রতিবেদনে আজ বলা হয়, ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখছে। তবে নিরীক্ষকেরা বলছেন, পুরো তদন্তের জন্য কমপক্ষে নয় মাস সময় প্রয়োজন।