অর্থপাচারের মামলায় কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধভাবে বিদেশে অর্থপাচারের অভিযোগে করা মামলায় আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। আদালত আগামী ৩০ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে। হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশ স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষ এ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। তাই কোকোর দেশে ফিরে আসা উচিত। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইনগত কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।আদালতে সানাউল্লাহ মিয়াসহ কোকোর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরোধিতা করেন।শুনানি শেষে আদালত কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থপাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। গত ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল করে, তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়। এ নিয়ে কোকোর পক্ষে রিট আবেদন করা হলে ১১ অক্টোবর হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেন। এতে তাঁর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে দেওয়া হয়। কোকোর চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র দিয়ে প্যারোলের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হলে, সরকার তা বিবেচনা করতে পারে বলে আদালত অভিমত দেয়। হাইকোর্টের এ রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১৩ অক্টোবর আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।