অর্থবছরের আট মাস পর টাকা ছাড় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবছরের আট মাসের বেশি চলে যাওয়ার পর ২০১০-২০১১ অর্থবছরের সংস্কৃতি খাতের বরাদ্দ অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে অর্থ বরাদ্দ দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তবে নিয়ম অনুযায়ী চলতি বছরের ৩০ জুনের মধ্যে এ টাকা খরচ করতে হবে।এদিকে বর্ষা আসন্ন। সাংস্কৃতিক অনুষ্ঠানাদির জন্য ক্রমেই আবহাওয়া বৈরী হয়ে পড়বে। অনেক সংগঠনেরই প্রস্তুতি নেই। ফলে বরাদ্দ অর্থে কাজ করতে হলে তাড়াহুড়ো করে অনুষ্ঠানাদি করতে হবে। ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্যটি ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। এ কারণে কোনো কোনো সংগঠন তাদের বরাদ্দ না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।বেশ কয়েক বছর থেকে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি করছিল। সেই সূত্রে এবারই প্রথম বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ১০০ কোটি টাকা অতিরিক্ত (থোক) বরাদ্দ রাখা হয়। এ টাকার বড় একটি অংশ জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে তাদের কর্মকাণ্ডের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত বছর নভেম্বর মাসে শিল্পকলা একাডেমীর মাধ্যমে সাংস্কৃতিক সংগঠনগুলোর আগামী জুন ২০১১ পর্যন্ত কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে চায়। সে মোতাবেক বিভিন্ন সংগঠন ওই মাসেই তাদের ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবনা জমা দেয়। গত ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয় সংগঠনগুলোকে তিন কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেয়। নাট্যসংগঠন বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সর্বোচ্চ দুই কোটি চার লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ৬০ লাখ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) সর্বোচ্চ ৬১ লাখ, বাংলাদেশ জাতীয় পথনাটক পরিষদ ৪৩ লাখ, পিপলস থিয়েটার ৪০ লাখ এবং থিয়েটার ডিজাইনারস অ্যাসোসিয়েশন পায় চার লাখ টাকা।সংগীত সংগঠনগুলোর বরাদ্দ ৬৩ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সর্বোচ্চ ২৩ লাখ, গণসংগীত সমন্বয় পরিষদ ২১ লাখ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থাকে নয় লাখ ও নজরুলসংগীত শিল্পী পরিষদ সাত লাখ টাকা। তবে লোকসংগীতের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। আবৃত্তি সমন্বয় পরিষদের জন্য বরাদ্দ ৪৩ লাখ ৫০ হাজার টাকা। যাত্রাশিল্পীরা পান ২১ লাখ টাকা। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা পায় ২০ লাখ ৫০ হাজার টাকা। বরাদ্দ অর্থ কীভাবে ব্যয় করতে হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। অনুষ্ঠান করতে হবে ঢাকাসহ সারা দেশে।নাট্যসংগঠনগুলোর ব্যস্ততা: সময়স্বল্পতা ও সামনে বর্ষা মৌসুম থাকায় কিছুটা অসন্তুষ্টি থাকলেও বরাদ্দ অর্থ খরচ করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে। আইটিআই কেন্দ্রীয় সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘এটা খুব দুঃখজনক যে এত অল্প সময়ে আমাদের কাজ করতে হচ্ছে। এখন আমাদের এক বছরের পরিকল্পনা তিন মাসে বাস্তবায়ন করতে হবে।’ তিনি জানান, এই কর্মসূচির আওতায় ২০ থেকে ৩০ মে আন্তর্জাতিক নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মহাসচিব ঝুনা চৌধুরী জানান, ‘বিভাগীয় শহরে উত্সব, ঢাকার চারটি অঞ্চলে উত্সব ছাড়াও কর্মশালা ও সেমিনারের আয়োজন চলছে। এই অল্প সময়ে কর্মসূচি বাস্তবায়ন করা কষ্টসাধ্য হবে। তা ছাড়া বর্ষাবাদলের দিনে উত্সব খুব একটা জমে না।’সংগীতানুষ্ঠান: শিল্পকলা একাডেমীতে ২৪ থেকে ২৬ মার্চ তিন দিনের স্বাধীনতা উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। আগামী ৮-১০ এপ্রিল কুমিল্লায় গণসংগীত উত্সবের উদ্যোগ নিয়েছে গণসংগীত শিল্পী সমন্বয় পরিষদ।আবৃত্তি উত্সব: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৮-১০ এপ্রিল ঢাকায় জাতীয় শিশু আবৃত্তি উত্সব আয়োজন করবে। পরে দেশের ৬৪ জেলায় আয়োজন করবে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি উত্সব। এ ছাড়া প্রস্তুতি চলছে জাতীয় ও আঞ্চলিক আবৃত্তি উত্সবের। থাকবে আবৃত্তিবিষয়ক কর্মশালা।বর্ষায় যাত্রাপালা: প্রথমবারের মতো যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ ২১ লাখ টাকা বরাদ্দ পেলেও আগামী তিন মাসে তার যথাযথ ব্যবহার অনিশ্চিত। প্রবীণ যাত্রাশিল্পী ভিক্টর দানিয়েল জানান, নিয়ম অনুযায়ী আগামী ১৩ এপ্রিল যাত্রা মৌসুম শেষ হবে। পেশাদার শিল্পীরা চলে যাবেন ছুটিতে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তা ছাড়া বর্ষার সময় যাত্রা পরিবেশন অস্বাভাবিক। টাকা নেবে না রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা: বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা তাদের বরাদ্দ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক তপন মাহমুদ জানান, ‘এই স্বল্প সময়ে বরাদ্দকৃত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় করার মতো কর্মসূচি করার প্রস্তুতি আমাদের নেই। কাজেই শুধু টাকা খরচ করার জন্য অনুষ্ঠান করব না বলেই আমরা বরাদ্দ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’খরচ না করতে পারলে টাকা ফেরত: অর্থ ছাড় এখনো শুরু হয়নি। সংগঠনগুলোকে কমপক্ষে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম এই সময়ে যথাযথভাবে অর্থ ব্যয় করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, কেউ বরাদ্দ খরচ করতে না পারলে অর্থ ফেরত যাবে।