অর্থবছরের প্রথম মাসেই বড় অঙ্কের ঋণ করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় অঙ্কের ধার দিয়েই অর্থবছর শুরু হয়েছে সরকারের। দৈনন্দিন ব্যয় মেটাতে নতুন অর্থবছরের মাত্র ৩৮ দিনে ব্যাংক খাতে সরকারের ঋণ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।গেল বছরটিতে ব্যাংক-ব্যবস্থায় সরকারের ঋণ সব পরিকল্পনা ছাপিয়ে যায়। সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকার ঋণ করেছিল প্রায় ২০ হাজার ৪০০ কোটি টাকা। যা ওই অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এবং সংশোধিত বাজেট লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি ছিল। এই ঋণের প্রায় অর্ধেকটা নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছেপে সরকারের এই চাহিদা মিটিয়েছে।আর নতুন অর্থবছরের প্রথম মাসেও সরকারের ঋণের বড় অংশ জুগিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র জানায়, ৮ আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক-ব্যবস্থা থেকে ঋণ করেছে দুই হাজার ৯৭৮ কোটি টাকার বেশি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে এক হাজার ৫৯২ কোটি টাকা। আর তফসিলি ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে তুলে দিয়েছে এক হাজার ৩৮৫ কোটি লাখ টাকার বেশি।বলা হয়, তফসিলি ব্যাংক থেকে সরকার বেশি ঋণ করলে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তির সুযোগ কমে আসে। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ করলে, যদি বাংলাদেশ ব্যাংক পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের কাছ থেকে তা তুলে নিতে না পারে, তবে শেষ পর্যন্ত নতুন টাকা বাজারে বেড়ে যায়। আর এতে বাড়ে দ্রব্যমূল্য। সূত্রগুলো জানাচ্ছে, অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে সরকারের রাজস্ব আয় ছিল গতানুগতিক। এই মাস শেষে রাজস্ব আয়ের পরিমাণ হয়েছে পাঁচ হাজার ১৪৭ কোটি টাকা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫৫ শতাংশ বেশি। কিন্তু জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের বার্ষিক প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় ২২ শতাংশ।অর্থবছরের শুরুতেই ব্যাংক-ব্যবস্থায় সরকারের বড় অঙ্কের ঋণ প্রসঙ্গে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শুরু থেকেই এই অবস্থা চলতে থাকলে বড় সমস্যা হয়ে যাবে। তিনি বলেন, ‘রাজস্ব আয় বৃদ্ধি ও বৈদেশিক সাহায্য বাড়ানোর কোনো বিকল্প নেই।’ সরকারকে এই দুই আয় খাতে সমান মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক খাত থেকে তিন হাজার কোটি টাকার ঋণ করলেও গত অর্থবছরের একই সময়ে ব্যাংক খাতে সরকারের কোনো ঋণ ছিল না। বরং সে সময় সরকার এর আগে নেওয়া ঋণের ২৫৮ কোটি টাকা পরিশোধ করেছিল। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গোটা বছরের সরকারের ঋণের এক কর্মপরিকল্পনা ঠিক থাকে। জানা গেছে, সেই পরিকল্পনায় ছেদ পড়েছে। হঠাৎ করেই সরকার বেশি ঋণ করে ফেলেছে।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এই প্রতিবেদককে বলেন, ধারণা করা যায় ঈদ সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-বোনাস দিতে বড় ধরনের খরচ হচ্ছে। নতুন বৈদ্যুতিক প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনতেও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। হয়তো এমন কিছু কারণে সরকারের প্রথম মাসেই ব্যয় বেড়েছে। আহসান মনসুর আরও বলেন, ‘গত বছরের মতো এই ঋণও যদি টাকা ছেপে মেটাতে হয়, তবে দ্রব্যমূল্য আরও বাড়বে। সেটি বোধহয় অর্থনীতির জন্য ভালো হবে না।’সরকারি সূত্রগুলো বলছে, বৈদেশিক সাহায্য প্রাপ্তির যে লক্ষ্যমাত্রা বাজেটে ঠিক করা হয়েছে, তা না পাওয়া গেলে সরকারের ঋণ কমিয়ে আনার সম্ভাবনা নেই। বিশেষত বাংলাদেশ ব্যাংকের দেনা পরিশোধের সুযোগ নেই। সে ক্ষেত্রে টাকা ছেপেই এসব ঋণ মেটাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।প্রসঙ্গত, চলতি অর্থবছরে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। তবে অনুদান বাদ দিলে ঘাটতি হবে ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এই ঘাটতির মধ্যে ১৩ হাজার ৫৮ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ব্যাংক-ব্যবস্থা থেকে নেওয়া হবে সর্বোচ্চ ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ করা হবে ছয় হাজার কোটি টাকা।