অর্থমন্ত্রী ডেসটিনির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাক্ষাৎ দিলেন না
ডেসটিনি গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাক্ষাৎ দিলেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জে. (অব.) হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ ছয়জন শীর্ষস্থানীয় কর্মকর্তা সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎকারটি ছিল অনির্ধারিত এবং এর আলোচ্য বিষয় জানানো হয়নি। বিকেল চারটা থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত তাঁরা অর্থ মন্ত্রণালয়ের অপেক্ষাকক্ষে বসে ছিলেন। পাঁচটার দিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব গকুল চাঁদ দাস, অর্থমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ আবুল হাসান, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে অর্থমন্ত্রীর কার্যালয় কক্ষে একে একে প্রবেশ করতে দেখা যায়।সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের সাক্ষাৎ দেবেন কি দেবেন না, এমন বিষয়ে সিদ্ধান্ত নিতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডেকে পাঠান অর্থমন্ত্রী। তাঁদের সঙ্গে পরামর্শ করে অর্থমন্ত্রী সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের কথা ডেসটিনির কর্মকর্তাদের জানিয়ে দেন। পাঁচটা ২২ মিনিটে ডেসটিনির কর্মকর্তারা চলে যান। অন্য একটি সূত্র জানায়, সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অর্থমন্ত্রী এতে সম্মতি দেন। সাক্ষাৎকার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগের কাজটি করেন সিলেট ছাত্রলীগের মধ্যমসারির একজন নেতা। এদিকে, ‘ডেসটিনি-২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অননুমোদিত ব্যাংকিং, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহসহ মানি লন্ডারিং’ শীর্ষক ৩৮ ধরনের তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। গত ১৬ এপ্রিল এক সপ্তাহের সময় দিয়ে ডেসটিনির কাছে ‘অতি জরুরি’ ভিত্তিতে তথ্য চেয়েছিল দুদক। ডেসটিনি আরও এক সপ্তাহের সময় চাইলে দুদক তা দেয়, যার মেয়াদ আজ শেষ হচ্ছে। তথ্যগুলো হলো: ডেসটিনি-২০০০ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কত টাকা জমা হয়েছে, পরিবেশকদের এ পর্যন্ত কত টাকা কমিশন দেওয়া হয়েছে, ডেসটিনি কোন কোন দেশ থেকে পণ্য আমদানি করে, পাউলিনিয়া বৃক্ষরোপণের নামে কত টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে এবং এই টাকা এখন কোথায় আছে, কোন দেশ থেকে চারা আমদানি করা হয়েছে, প্রকল্পের জায়গাসহ গাছের সংখ্যা কত ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া পরিচালকেরা এ পর্যন্ত কত টাকা সম্মানী পেয়েছেন, তাঁদের বিদেশ ভ্রমণে কত টাকা খরচ হয়েছে, ডেসটিনি-২০০০-এর উপপরিচালক আশরাফুল আমিনসহ শাম্মী আক্তার ও মিম্মি আক্তারের ব্যাংক হিসাবে কত টাকা আছে, বেস্ট এয়ারের যাবতীয় তথ্য, বিদেশি নাগরিকেরা কত টাকা বিনিয়োগ করেছেন এবং কত টাকা তাঁদের লভ্যাংশ দেওয়া হয়েছে ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে দুদক।