অর্থমন্ত্রী বললেন ‘দুষ্ট শেয়ারবাজার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সোমবার জাতীয় সংসদে বলেন, শেয়ারবাজার নিয়ে তিনি কিছু বলেন না। তিনি বলেন, ‘কারণ, এই শেয়ারবাজার দুষ্ট শেয়ারবাজার।’ অর্থমন্ত্রী বলেন, এই দুষ্ট বাজারের অনেক সংস্কার তিনি করেছেন। আগামী ডিসেম্বরের পর বাজার নিয়ে কথা বলবেন। এর আগে ডি-মিউচ্যুয়াল বা মালিকানা ও ব্যবস্থাপনাকে পৃথক করা হবে।অর্থমন্ত্রী আরও বলেন, এই শেয়ারবাজার নিয়ে এত উত্তেজনার কারণ হলো—এটা মতিঝিলে অবস্থিত এবং এখানে যুবক, উদ্যমী, তরুণেরা বিনিয়োগ করেছে। ১১ লাখ বিনিয়োগকারীর হাতেই শেয়ারবাজার সীমাবদ্ধ। তিনি বলেন, ‘এটা নিয়ে চিন্তা না করলে আমার অর্থনীতির কোনো ক্ষতিই হবে না।’ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জবাব দিতে গিয়েই অর্থমন্ত্রী এসব কথা বলেন। মেনন বলেছিলেন, বাজার বিপর্যয়ের সঙ্গে যাঁরা কারসাজিতে যুক্ত ছিলেন, তাঁদের কোনো বিচার হয়নি। শেয়ারবাজার দুই বছর ধরে খারাপ অবস্থায় রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা একেবারেই নেই। অর্থনীতির কতক ক্ষেত্রে যে খারাপ অবস্থা তা তুলে ধরতে গিয়ে সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে সাংসদ মেনন শেয়ারবাজার, বিদ্যুত্ পরিস্থিতি, মূল্যস্ফীতি ইত্যাকার বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। ডেপুটি স্পিকার শওকত আলী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর আলোচনার সময় উপস্থিত ছিলেন।এরপর, মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম অর্থমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা বললে—অর্থমন্ত্রী ক্ষিপ্ত হয়ে যান। এর আগে, তিনি শেয়ারবাজারকে বলেছেন, ফটকা বাজার। আজকে বললেন, দুষ্ট বাজার। জানি না, কালকে শেয়ারবাজার কী অবস্থায় যাবে।’অর্থমন্ত্রীকে নিজ কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে ফজলুল আজিম বলেন, ‘রাবিশ বললে হবে না।’