অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বর্তমান সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করছেন। নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। আজ শুক্রবার রাজধানীতে জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রকাশিত ওই প্রতিবেদনে বিএনপির নেতা ফখরুল বলেন, বিশ্বব্যাংক বলেছে, সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত। সুতরাং, তাঁরা কীভাবে স্বীকার করবেন যে চুরি করেছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের রক্ষা করতে চাইছেন। প্রশ্রয় দিচ্ছেন। জনগণ চায় এ সরকার অবিলম্বে পদত্যাগ করুক।