অর্থমন্ত্রীকে মনে হচ্ছে ‘পাগলা মেহের আলী’
বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ক্ষুধিত পাষাণ’ ছোটগল্পের চরিত্র ‘পাগলা মেহের আলী’র সঙ্গে তুলনা করেছেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা আগামীকালের হরতালকে গতকাল শুক্রবার অর্থমন্ত্রী ‘উন্মাদের সিদ্ধান্ত’ হিসেবে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় বিএনপি এই মন্তব্য করেছে। আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী এই তুলনা করেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে আমার কাছে পাগলা মেহের আলী মনে হচ্ছে। ওই গল্পে মেহের আলী যা কিছু বলতো, তা হলো “সব জুট হ্যায়”। এখন বিরোধী দল যে দাবিই উত্থাপন করুক না কেন, সেটিকেই অর্থমন্ত্রী বলেন “সব জুট হ্যায়”।’রিজভী জানান, হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের হামলায় ২১২ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সরকারদলীয় ক্যাডার বাহিনীর ভূমিকা পালন করছে অভিযোগ করে এর নিন্দা জানান তিনি।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।