অর্থমন্ত্রীর ক্ষমা চাওয়া গণতান্ত্রিক উদারতার নজির
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন কমিশনারদের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিচালকদেরও সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত।আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন। খবর বাসসের।সুরঞ্জিত বলেন, বিএনপির সময় ছাত্রদল ও যুবদল এবং আওয়ামী লীগের সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বসিয়ে দেওয়া ঠিক নয়। তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে যাঁরাই জড়িত থাকুক না কেন, তাঁদের কাছ থেকে টাকা ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত আন্তরিক। প্রয়োজন হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যেভাবে অকপটে নিজের মন্তব্য সম্পর্কে ক্ষমা চেয়েছেন, তা গণতান্ত্রিক উদারতার নজির হয়ে থাকবে। এতে যাঁরা অর্থমন্ত্রীর কথায় মর্মাহত হয়েছিলেন, তাঁরা শান্তি খুঁজে পাবেন। সংসদে দাঁড়িয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া গণতন্ত্রের জন্যও ইতিবাচক। তিনি বলেন, সংসদের চলতি অধিবেশনে সিনিয়র পার্লামেন্ট সদস্যরা হলমার্ক কেলেঙ্কারির বিরুদ্ধে সমালোচনা করতে কোনো কার্পণ্য করেননি। তাঁরাই বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন।সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় কেবল সফলতা থাকবে, ভুলভ্রান্তি থাকবে না, তা হতে পারে না। তবে রাজনৈতিক নেতা-কর্মীদের যদি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকে, তাহলে তাঁদের তদন্তের আওতায় আনতে হবে।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘কায়েমি স্বার্থবাদী মহল গ্রামীণ ব্যাংককে পুঁজি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তির মোকাবিলা করতে হবে। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। জনগণ আমাদের মূল শক্তি। তাঁদের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে সময়ের দাবি।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশের অগ্রযাত্রাকে যাঁরা ব্যাহত করতে চান, তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি অশুভ শক্তি গণতন্ত্রকে নস্যাত্ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং এক-এগারোর আবহ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র হিসেবে তারা দেশের আইন ও বিচার বিভাগকে মুখোমুখি করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, কবি রবীন্দ্র গোপ, ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক ফাতেমা জামান সাথী, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।