অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামায়াত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। তিনি বলেন, শেয়ার কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সরকারি দলের লোকসহ বাইরের একটা মহল আঙুল ফুলে কলাগাছ হবে, আর দেশের লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী পথের ফকির হয়ে যাবে, তা হতে পারে না।জামায়াতের আমির বলেন, ‘১৯৯৬ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেয়ারবাজার কেলেঙ্কারি হয়েছিল। তখনো বিচারের কথা বলা হয়েছিল, তদন্ত কমিটি গঠিত হয়েছিল, মামলা হয়েছিল। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এবং শেয়ার কেলেঙ্কারির নায়ক রাঘব-বোয়ালদের কোনো বিচার হয়নি। এবারও একই ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ শেয়ার কেলেঙ্কারির নায়কদের নাম প্রকাশ করার পক্ষে অভিমত দিয়েছেন। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন, তাঁরা অত্যন্ত প্রভাবশালী, তাঁদের নাম প্রকাশ করা যাবে না। আমাদের প্রশ্ন তাহলে কি তাঁরা সরকারের চাইতেও প্রভাবশালী?’ এই বক্তব্যের পর জামায়াত অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে।