অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার এক প্রতিবাদপত্রে ড. ইউনূস বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে ভবিষ্যতে অর্থমন্ত্রীকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি বলেছেন, অর্থমন্ত্রীর বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও মনগড়া, যা অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। ইউনূস সেন্টার থেকে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, গত ৮ নভেম্বর অর্থমন্ত্রীর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত কিছু বক্তব্য ড. ইউনূসের দৃষ্টিগোচর হয়েছে। এসব বক্তব্যের কোনো রকম প্রমাণ ও তথ্যসূত্র ছাড়াই তাঁর বিরুদ্ধে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার অভিযোগ করা হয়েছে। সব শেষে প্রতিবাদপত্রে ড. ইউনূস অর্থমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছ থেকে এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে তিনি মনে করেন। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য অর্থমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন।