অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিদায়ের সুর
জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট উপস্থাপিত হলো আজ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রতিশ্রুতি পূরণে শত ভাগ সফল না হলেও, বাংলাদেশ আজ এক সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি অসমাপ্ত কাজের ভার দিয়ে গেছেন পরের সরকারের ওপর।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি মনে করি আমাদের পর যাঁরাই ক্ষমতায় আসবেন, তাঁরা দেশের বৃহত্তর স্বার্থে আমাদের অসমাপ্ত কাজ কাজ শেষ করার দায়িত্ব কাঁধে তুলে নেবেন। তাঁদের জন্য থাকছে শুভ কামনা।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রয়োজনের মুহূর্তে বরাবর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যেকোনো সংকটে তাঁরা আস্থা রেখেছেন উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ওপর। এবারও তার ব্যতিক্রম হবে না।’এর আগে বেলা তিনটা ২০ মিনিটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন। এ বাজেটের শিরোনাম, ‘উন্নয়নের চার বছর: স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ’। বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, ‘সরকার জনগণের সম্মিলিত প্রজ্ঞা ও শক্তিতে বিশ্বাস করে। বিশ্বাস করে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনায়। জনগণকে সঙ্গে নিয়ে তাই তাঁরা বিগত বছরগুলোয় দেশের উন্নয়নের চেষ্টা করে গেছেন।’ মূল বাজেটে প্রবেশের আগে অর্থমন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমীন চৌধুরীকে অভিনন্দন জানান। তিনি স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, প্রয়াত রাষ্ট্রপতি মুহাম্মদ জিল্লুর রহমানকে। অর্থমন্ত্রী তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও সাভারের রানা প্লাজায় ভবনধসে নিহত মানুষের আত্মার শান্তি কামনা করেন, আহতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন।অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেন চার ঘণ্টারও বেশি সময় ধরে। তিনি দেশের সম্পদ আর জনগণের প্রত্যাশার সমন্বয় করতে গিয়ে যাঁদের সহযোগিতা পেয়েছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ তালিকায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদীয় স্থায়ী কমিটি, দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমের সম্পাদকদের, অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। তিনি একটি সংস্থার উদ্যোগে বাজেট নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন। তাই আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, এর আগের সবকটি বাজেটই উচ্চাভিলাষী বলে সমালোচনা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তাঁরা প্রতিশ্রুতি পূরণে অনেকটাই সক্ষম হয়েছেন। তাঁর মতে, দেশের দারিদ্র্র্য, আয়-বৈষম্য ও নিরক্ষরতা কমেছে, শিক্ষার মানোন্নয়ন হয়েছে, জনস্বাস্থ্যের উন্নতি হয়েছে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারের জন্য বিদ্যুতের সংস্থান, অবকাঠামো, তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে, পরিকল্পনা বাস্তবায়নে যুদ্ধাপরাধের বিচার যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত বক্তৃতার শেষাংশে বলেছেন, ‘জাতির জনকের আজীবন স্বপ্ন ছিল বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বাস করবে, খেয়ে-পরে সুখে থাকবে। মহাজোট সরকারের রূপকল্প ২০২১ মূলত বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ারই এক পথনকশা।...আমি আশিতে পদার্পণ করেছি। জীবনে হতাশা ও সাফল্যের দোলাচলে বারবার নিক্ষিপ্ত হয়েছি। তবে সর্বদাই আমি ঘনঘটার মধ্যে শান্তি দেখেছি। মেঘের আড়ালে রুপালি নয়, সোনালি রেখা দেখেছি। বরাবরের মতো আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবে। কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে সমৃদ্ধ আগামীর পথে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের স্বপ্ন রেখে যাবে ভবিষ্যত্ প্রজন্মের জন্য এক উজ্জ্বল উত্তরাধিকার।’