অর্থমন্ত্রীসহ শেয়ারবাজার-সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেয়ারবাজার ধসের দায়ে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার পদত্যাগ দাবি করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আজ শনিবার গ্রুপ-২০০৯ আয়োজিত ‘বিপর্যস্ত শেয়ারবাজার: ব্যর্থ সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই শেয়ারবাজারে ধস নামে। আর দেশের অর্থনীতি নিম্নমুখী হয়। শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয়ে ৩৩ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় বসে গেছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘শেয়ারবাজার বিপর্যয়ে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। এ জন্য অর্থমন্ত্রীসহ শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সবার পদত্যাগ করা উচিত।’ আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয়কে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেন।আমীর খসরু আরও বলেন, কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ।