সড়ক-মহাসড়কের বেহাল দশার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি সড়ক-মহাসড়কের এ অবস্থার্রজন্য আবারও অর্থসংকট ও অতি বৃষ্টিকে দায়ী করেছেন।জাতীয় পার্টির মুজিবুল হকের আনা এক নোটিশের জবাবে যোগাযোগমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদ পালনে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না।নোটিশে মুজিবুল হক বলেন, সারা দেশে আজ সড়ক-মহাসড়কের বেহাল দশা। প্রায় ১০-১২ দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় প্রায় আটটি জেলার জনগণ অনেকটাই বন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করেছেন। সারা দেশের মানুষ আতঙ্কিত, ঈদ উৎসব পালনে তাঁরা গ্রামের বাড়ি যেতে পারবেন কি না। তিনি বলেন, ‘সরকারের এক মন্ত্রী বলেন, কম খান; আরেক মন্ত্রী বলেন, বাজারে এক দিন কম যান। অবশ্য যোগাযোগমন্ত্রী এখনো বলেননি যে ঈদে বাড়িতে কম যান! এ জন্য তিনি অবশ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।’জবাবে যোগাযোগমন্ত্রী জানান, অর্থসংকটের কারণে সড়ক-মহাসড়কগুলোর ঠিকমতো সংস্কার ও উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার বৃষ্টিও হয়েছে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। তিনি বলেন, ১৭ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে রাস্তা সংস্কারে ৬৯০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। ঢাকা-জয়দেবপুর মহাসড়কের সংস্কারকাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, যেভাবে কাজ হচ্ছে, তাতে সংস্কারে বেশি সময় লাগবে না। তিনি দাবি করেন, অতিবৃষ্টির জন্য সংস্কারকাজ ব্যাহত হচ্ছে।মন্ত্রী পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় অতিবৃষ্টির জন্য মহাসড়কে পুকুর সৃষ্টি এবং সেখানে ধান ও মাছ চাষের উদাহরণ দেন। তিনি বলেন, ‘সড়ক-মহাসড়কের দুর্দশার জন্য মন্ত্রী হিসেবে আমি দুঃখিত। তবে আমার সীমাবদ্ধতার কথা সবাইকে বুঝতে হবে। ঈদের আগেই সব রাস্তার পরিপূর্ণ সংস্কার করতে না পারলেও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’এ সময় সম্পূরক প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে মুজিবুল হক সড়ক-মহাসড়ক সংস্কারে প্রয়োজনে বিদেশ থেকে অর্থ সাহায্য আনতে যোগাযোগমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা জানি, যোগাযোগমন্ত্রীর সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর ভালো সম্পর্ক রয়েছে। তিনি বিদেশ থেকে অর্থ সাহায্য এনে পদ্মা সেতু, বড় বড় ব্রিজ-কালভার্ট, উড়ালসেতু ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন। কিন্তু অর্থসংকট থাকায় সড়কগুলো মেরামতে বিদেশ থেকে অর্থ আনছেন না কেন?’জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরা বড় বড় প্রকল্প বিদেশি সহযোগিতায় সম্পন্ন করছি। সারা দেশে সড়ক-মহাসড়কগুলো মেরামত করতে এ বছর প্রায় পাঁচ হাজার ১০০ কোটি টাকার প্রয়োজন হবে।’ তিনি বলেন, ‘অর্থমন্ত্রী যদি রাজি হন, তবে আমরা এ টাকা দাতা সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে পারব। আর এটি সম্ভব হলে ভবিষ্যতে দেশের কোনো রাস্তা আর নষ্ট হবে না।’