অর্থাভাবে বন্ধ উলিপুর পাবলিক লাইব্রেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে এখানে প্রচুর পাঠক আসত। অনেকে এখান থেকে বই বাড়িতে নিত। কিন্তু এখন আর এখানে কেউ আসে না। সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় লাইব্রেরির কার্যক্রমও বন্ধ রয়েছে। সম্মানী-ভাতা না পাওয়ায় আমিও এখানে সময় দিতে পারছি না। মাঝেমধ্যে আমার ছেলেকে দিয়ে লাইব্রেরিটি ঝাড়ামোছা করি শুধু।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন বন্ধ হয়ে যাওয়া উলিপুর পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন জানান, ১৯৮৪ সালে লাইব্রেরিটি স্থাপন করে সরকার। উপজেলা পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি খাত থেকে লাইব্রেরির জন্য পত্রিকা, বই এবং কর্মচারীর বেতন দেওয়া হতো। কিন্তু ২০০১ সালের দিকে এ খাত থেকে অর্থ সরবরাহ বন্ধ হলে লাইব্রেরিটিও বন্ধ হয়ে যায়। লাইব্রেরিয়ান আরও বলেন, ‘দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় এর মূল্যবান অনেক বই উইপোকায় কেটে ফেলেছে। বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। আমিও লাইব্রেরিয়ানের কাজ করছি না। পরিবার-পরিজনকে বাঁচাতে উপজেলা সেটেলমেন্ট অফিসের চত্বরে স্ট্যাম্প ভেন্ডারের কাজ করছি।’ একসময় লাইব্রেরির নিয়মিত পাঠক রাজু, সুব্রত মজুমদার, স্বপন সাহা, শামসুল হক, এরশাদুন নবী, মিজানুর রহমান জানান, উলিপুরে আর কোনো পাঠাগার না থাকায় বই পড়ে সময় কাটানোর উপায় বন্ধ হয়ে গেছে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, লাইব্রেরিতে মূল্যবান সহস্রাধিক বই ছাড়াও ১৫টি আলমারি, ছয়টি টেবিল, ৩০টি চেয়ার ও অন্যান্য আসবাব রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় আসবাবপত্রগুলো ঘুণে ধরেছে।অর্থভাবে বন্ধ হয়ে যাওয়া উলিপুর পাবলিক লাইব্রেরিটি চালু করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ বলেন, ‘কয়েক মাস আগে আমি এ উপজেলায় যোগদান করেছি। ইতিমধ্যে লাইব্রেরিটি চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, এক মাসের মধ্যে এটি পাঠকদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।’