সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী
অর্থায়নে অসুবিধা হলে শুধু গাড়ি চলার জন্য পদ্মা সেতু হবে
অর্থায়নে অসুবিধা হলে নিজস্ব অর্থে দ্রুত কাজ শুরু করতে শুধু গাড়ি চলাচলের জন্য পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের জুনাঈদ আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে দুটি ডিজাইন আছে। আমরা দেশে নতুন কিছু করতে চেয়েছিলাম। একটি ডাবল ডেকার, যার ওপর দিয়ে গাড়ি ও নিচ দিয়ে রেল চলার কথা। আরেকটি শুধু গাড়ি চলার জন্য। আমি সেতু বিভাগের সঙ্গে কথা বলেছি। যদি অর্থায়নে অসুবিধা হয়, তা হলে আমরা নিজস্ব অর্থায়নে দ্রুত কাজ শুরু করতে গাড়ি চলাচলের জন্য সেতু নির্মাণ করব।’ তিনি বলেন, পদ্মা নদী অত্যন্ত খরস্রোতা। শীতকাল ছাড়া এখানে কাজ করা যাবে না। তাই শীতে নদী খনন ও শাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণে সরকার নিজস্ব অর্থায়ন থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করেছে। বিশ্বব্যাংক এখানে দুর্নীতি খুঁজে পায়নি। অথচ যেখানে অর্থ ছাড় হয়নি, সেখানে দুর্নীতি খুঁজে পেল।এর আগে চয়ন ইসলামের পক্ষে জুনাঈদ আহমেদের উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে কোনো দাতা সংস্থার অর্থ ছাড় হয়নি বিধায় বৈদেশিক ঋণের কোনো অর্থও ব্যবহূত হয়নি। তবে প্রকল্পটির প্রাক্-সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন কাজে এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সঙ্গে ২০০৭ এবং ২০০৯ সালে স্বাক্ষরিত ২৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের দুটি কারিগরি ঋণচুক্তির অর্থ থেকে ২৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড় ও ব্যবহূত হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের সঙ্গে প্রস্তুতিমূলক কাজ সম্পাদনে ২০০৮ সালে স্বাক্ষরিত তিন মিলিয়ন ডলার ঋণচুক্তির বিপরীতে ১ দশমিক ৭৫ মিলিয়ন ডলার ছাড় ও ব্যবহূত হয়েছে।শেখ হাসিনা বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মূল সেতুর দরপত্র-প্রক্রিয়ায় তা প্রমাণিত হয়নি। অথচ তদন্ত চলাকালে বোর্ড সভায় কোনো ধরনের আলোচনা ছাড়াই বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট পদ্মা সেতুতে অর্থায়নসংক্রান্ত ঋণচুক্তি বাতিল করেন, যা যুক্তিযুক্ত ও ন্যায়সংগত হয়নি। এতে বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণ কিছুটা হলেও পিছিয়েছে।প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বিকল্প উৎস হিসেবে গত ১০ এপ্রিল পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া সরকার গত ২৭ আগস্ট কনসেশন চুক্তির খসড়া কপি সরবরাহ করেছে, যা যাচাই করা হচ্ছে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ছাড়াও রেল যোগাযোগের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ১৩০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩৫টি এবং পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১১টি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ৩৬ হাজার ২১৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৪৯টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে।আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ ছাড়া প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা, মাথাপিছু আয় দুই হাজার ডলারে উন্নীত করা, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা, জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০ শতাংশে বৃদ্ধি করা ইত্যাদি লক্ষ্যে কাজ করছে সরকার।ফজিলাতুন্নেসার সম্পূরক প্রশ্নে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিষয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, কোকোর দুর্নীতির বিষয়গুলো রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হবে কি না? জবাবে শেখ হাসিনা ড. কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের দেশে কিছু কিছু নেতা রয়েছেন, যাঁরা বসন্তের কোকিলের মতো। কখন যে কুহু কুহু করে ওঠেন, কখন সরব কখন নীরব, সেটা বুঝি না। উনি কেন যে হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলেন, বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেই দুর্নীতি ধরা পড়েছে। এটা তো তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ধরা পড়া উচিত ছিল। তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের বড় উপদেষ্টা ছিলেন। ওই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। ওই সময় কী কারণে দুর্নীতির বিষয়গুলো ধরা পড়েনি, জানি না। ভালো করে প্রচার করার জন্য যিনি বলেছেন, তাঁকে ধন্যবাদ জানাই। আশা করব, তিনি নিজেই ঘটনাটি ভালো করে প্রচার করবেন।’