অর্থের অনন্ত উৎস না থাকলে ঝুঁকি নিয়ে কেউ বিনিয়োগ করবে না: উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, এত ঝুঁকি নিয়ে কেউ শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করবে না, যদি তার অর্থের অনন্ত উৎস না থাকে।উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারের অর্থনৈতিক বিশ্লেষণ যদি কেউ পড়েন, তাহলে দেখা যাবে, শেয়ারের ওঠানামার একটা মাপকাঠি আছে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার মতো মোটা ও লম্বা, সে যদি আট ফুট লম্বা স্যুট পরে, বুঝতে হবে স্যুটটি সে চুরি করে নিয়ে এসেছে।’গতকাল শনিবার দক্ষিণ এশিয়ায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে রাজধানীর গুলশানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে মসিউর রহমান গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এটির যৌথ লেখক পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ ও বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কৃষি অর্থনীতিবিদ হান্স জি পি জেনসেন। পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর খাদ্যনিরাপত্তা ও খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদির পরিবর্তে দীর্ঘমেয়াদি নীতি উদ্যোগের সুপারিশ করেন।শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মসিউর রহমান। তিনি বলেন, ‘শেয়ারবাজারে কেউ যদি অর্থের অনন্ত উৎস ব্যবহার করে, তাহলে আপনারাই বলবেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ বাজারের সাম্প্রতিক পরিস্থিতির জন্য গত শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর নিজের এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ভুলের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত বা দ্বিমত করার কোনো সুযোগ নেই। শুধু এটুকু বলব, যে নিজের ভুল স্বীকার করার মতো সৎসাহস রাখে, সে তা শুদ্ধ করারও ক্ষমতা রাখে।’ আজ রোববার শেয়ারবাজার নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বৈঠকেই বোঝা যাবে যাঁরা ব্যবসা করেন, তাঁরা কতটুকু সংশোধন আশা করেছিলেন। আর আমরাও বুঝতে পারব, এই সংশোধন সার্বিক বিচারে কতটা বা অর্থনৈতিকভাবে কতটা সুফল বয়ে আনবে।’গত বৃহস্পতিবার খুলনায় একটি অনুষ্ঠানে ‘শেয়ারবাজার নিয়ে সরকারের মাথাব্যথার কারণ নেই’—অর্থ উপদেষ্টার এমন বক্তব্য শুক্রবার পত্রিকায় ছাপা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘আমি তা বলিনি। সাংবাদিকেরা জানতে চাইলে আমি বলি যে শেয়ারবাজার থেকে যারা লাভ করে কিন্তু লস নিতে চায় না, তারা নিয়ম মানতে চায় না। গণমাধ্যমসহ অন্যদেরও দায়িত্ব তাদের সমালোচনা করা।’