বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা, লাশ গুম, লুটপাট, অগ্নিসংযোগ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়ের করা দুটি মামলায় আসামির সংখ্যা আরও বাড়ছে। নতুন করে আরও অন্তত ৫০ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে সিআইডি। শিগগিরই তাঁদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানা গেছে। এদিকে ঢাকার বাইরে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে আসামিদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জানতে চাইলে সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, ফৌজদারি আইনে দায়ের করা এ দুটি মামলার অধিকতর তদন্ত এক মাসের মধ্যে শেষ করা হবে। বর্তমানে অভিযুক্ত ৮২৪ জনের পাশাপাশি আরও অন্তত ৫০ ব্যক্তির নামে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হতে পারে। তবে আসামির সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।বিজিবি সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত আসামিদের বিডিআরের নিজস্ব আইনে বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে ইউনিট পর্যায়ে অনেক নতুন নতুন অপরাধীর নাম বেরিয়ে এসেছে। এঁদের বিচার বিডিআরের নিজস্ব আইনে করা সম্ভব নয়। এ কারণে এসব অপরাধীর একটি তালিকা সিআইডিকে দিয়ে তাঁদের ফৌজদারি মামলার আসামি করার অনুরোধ জানানো হয়। এর পরই সিআইডি তাঁদের নাম অভিযোগপত্রে যুক্ত করার উদ্যোগ নেয়। ৩ ফেব্রুয়ারি এ মামলার তদন্তকারী নিজেই অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।বিডিআর হত্যা মামলার বিচার শুরু হয়েছে ৫ জানুয়ারি। বিচার শুরুর পর ১২০ জন আসামি জামিনের জন্য এবং ৩০ জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। এমনকি এ মামলার অভিযোগ গঠনের কাজও শেষ হয়নি।এ পর্যায়ে অধিকতর তদন্তের আবেদন কেন করা হলো জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, আরও আসামির নাম বেরিয়ে আসায় তদন্তকারী নিজেই অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। এ তদন্ত যেকোনো সময় হতে পারে। এর সঙ্গে মামলার গ্রহণযোগ্যতার কোনো সম্পর্ক নেই।জানতে চাইলে বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, সম্ভাব্য আসামিদের একটি তালিকা সিআইডিকে দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।এ ছাড়া বিডিআর বিদ্রোহ নিয়ে ঢাকার বাইরে দায়ের করা ৪০টি রাষ্ট্রদ্রোহ মামলায় ডিএডি ছাড়া অন্য সব আসামির নাম প্রত্যাহার করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।সূত্র জানায়, পিলখানা সদর দপ্তরের মামলার পাশাপাশি ঢাকার বাইরে বিদ্রোহের ঘটনায় ২৮ জেলার ৩৭টি থানায় ৪০টি মামলা দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব মামলা করেন। মামলায় এক হাজার ৭২১ জনকে আসামি করা হয়েছিল। গ্রেপ্তারের পর এঁরা সবাই এখন কারাবন্দী। আসামিদের মধ্যে ১৮ জন উপসহকারী পরিচালক (ডিএডি), ১৫ জন সাধারণ কর্মচারী ও দুজন বেসামরিক লোক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১২০(ক)/১২১ ও ২১২(ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছিল।জানা যায়, মামলাগুলো নালিশি মামলা হিসেবে আদালতে দায়ের করা হয়। এরপর কোনো তদন্ত ছাড়াই এত দিন মামলাগুলো পড়ে আছে। কোনো আসামিকে আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদও করা হয়নি। অনেক স্থানে মামলাগুলো অধিকতর তদন্তের জন্য পুলিশ আদালতের কাছে আবেদনও করেছে।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সময় পরিস্থিতি সামাল দিতে এসব মামলা করা হয়েছিল। কিন্তু প্রায় সব আসামিকেই বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। এ কারণে যাঁদের বিচারের আওতায় আনা হয়েছে, তাঁদের নাম ওই মামলা থেকে প্রত্যাহার করা হচ্ছে। তবে কয়েকজন ডিএডির বিরুদ্ধে এ মামলাগুলো চলতে পারে।