অর্ধশত তারকা এক গানে
প্রায় অর্ধশত শিল্পীকে দেখা যাবে কে আপন কে পর ছবিতে। অমিত হাসানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর। সম্প্রতি এই ছবির সেন্সর ছাড়পত্র পেয়েছেন অমিত। এর পরই একটি পাঁচতারা হোটেলে মিডিয়া পার্টনার হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।অমিত জানিয়েছেন, সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে তিনি ও অপু বিশ্বাস অভিনয় করেছেন। একটি গানে তাঁর ডাকে সাড়া দিয়ে এসেছেন অর্ধশত শিল্পী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সুভাষ দত্ত, রাজ্জাক, কবরী, শাকিব খান, আমিন খান, রিয়াজ, ইলিয়াস কাঞ্চন, আলী রাজ, হুমায়ুন ফরীদি, জাভেদ, সম্রাট, মৌসুমী, ওমর সানী, সোহেল রানা, চম্পা, দিতি, অঞ্জনা, রেসি, রোমানা, কেয়া, নতুন, শাকিবা, মুক্তি, সাথী, আদিল, বাবর, ড্যানি সিডাক, আহমেদ শরীফ, এ টি এম শামসুজ্জামান, নিপুণ, শিল্পী, সিমলা, শাবনাজ ও রত্না। মিডিয়া পার্টনারের আনুষ্ঠানিক চুক্তি অনুষ্ঠানে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টেলিভিউয়ের স্বত্বাধিকারী এস এম এরশাদ হোসেন রানা ও চিত্রনায়ক অমিত হাসান এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।চিত্রনায়ক অমিত হাসান মিডিয়া পার্টনার হিসেবে আরটিভিকে নির্বাচন করার কারণ উল্লেখ করে বলেন, ‘ছবিটির মিডিয়া পার্টনার হওয়ার জন্য আরটিভি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। এ কারণে আমার নতুন ছবি কে আপন কে পর-এর মিডিয়া পার্টনার হিসেবে আরটিভিকে মনোনীত করেছি। আশা করি, দুই পক্ষই এই পার্টনারশিপে উপকৃত হবে। আমি ব্যক্তিগতভাবে আরটিভিকে পেয়ে আনন্দিত।’