অর্ধশতাধিক গাড়িতে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ মঙ্গলবার সারা দেশে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে। ইসলামী ছাত্রশিবিরও আজ হরতাল ডেকেছে।হরতালের আগের দিন গতকাল সোমবার কেবল রাজধানীতেই ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমের গাড়িসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয়েছে কয়েকটি ককটেলের। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের এক দফা দাবিতে ১৮-দলীয় জোট আজ হরতাল ডেকেছে। শিবির হরতাল ডেকেছে সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে। গত রোববার বিকেলে রাজধানী থেকে শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তারের পর শুরু হয় শিবিরের ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ। হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।বিএনপির কার্যালয়ের সামনে গাড়িতে আগুন: সকাল ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় লক্ষ্য করে রোববার রাতে দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে বিএনপি এই সমাবেশ করে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বক্তব্য শেষে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে চলে যান।’ কিন্তু এ সময় নেতা-কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। বিএনপির কার্যালয়ের পশ্চিম দিকে গাজী ভবনের কাছে একটি সাদা মাইক্রোবাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল। কয়েক মিনিট পর ওই কার্যালয়ের পূর্ব দিকে আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের গাড়ি। সমাবেশের খবর সংগ্রহের জন্য সেখানে থাকা গাড়িটিতে তখন চালক সোলায়মান ছিলেন। আগুনে তাঁর চুল ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়। তাঁকে হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় অন্যান্য বেসরকারি টেলিভিশনের গাড়ি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এ সময় বিএনপির সমর্থক ও কর্মীরা বৈশাখী ও মাছরাঙা টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন।সহিংসতা শুরুর সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে ঢুকে পড়েন। বেলা দুইটার দিকে তাঁরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন। ‘আপনি শান্তিপূর্ণভাবে চলে যেতে বলার পরও কীভাবে এ ঘটনা ঘটল’—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এ সময় মির্জা ফখরুল দেননি।পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। এর আগেই তারা তিনটি গাড়িতে আগুন দেয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।’অন্যান্য স্থানে আগুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনে দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসে (বিআরটিসি) আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা আড়াইটা ও বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পাসে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ভবন, পদার্থবিজ্ঞান ভবন ও টিএসসি এলাকা থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।সন্ধ্যায় ও রাতে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে একটি বাস, ওয়াসা ভবনের সামনে একটি ট্যাক্সিক্যাব, তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে একটি বাস, রামপুরায় তুরাগ পরিবহনের একটি বাস, সায়েদাবাদে শ্যামলী পরিবহনের একটি বাস, আদাবর থানার সামনে একটি বাসে ও বিজয়নগর পানির ট্যাংকের কাছে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।গাজীপুর: রাত নয়টার দিকে শহরের শিববাড়ী মোড়ে ভিআইপি ২৭ পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে।বগুড়ায় বিস্ফোরণে প্রকৌশলী আহত: রাত সাড়ে আটটার দিকে বগুড়া সার্কিট হাউসের কাছে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বগুড়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম আহত হন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাত সোয়া ১১টার দিকে বগুড়া রেলস্টেশনে স্টেশনমাস্টারের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, জামায়াত-শিবির এসব নাশকতা ঘটাচ্ছে।শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা : দেশের বিভিন্ন স্থানে গতকাল শিবির ঝটিকা মিছিল থেকে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের মাথা থেঁতলে দিয়ে গুরুতর আহত করেছেন শিবিরের কর্মীরা।পুরান ঢাকার বংশাল মোড়ে বেলা সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে ১০টি বাস ভাঙচুর করে। পুলিশ ধাওয়া করলে শিবিরের কর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।সিলেট: বিকেলে সিলেট নগরের দরগা গেটের আম্বরখানা থেকে শিবির ঝটিকা মিছিল শুরু করে। চৌহাট্টা মোড়ের দিকে যাওয়ার পথে মিছিলকারীরা রাস্তার মাঝখানে টিনের কৌটাভর্তি ভাঙা কাচ ফেলে আগুন দেয়। এতে আতঙ্কের সৃষ্টি হয়। ওই রাস্তায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।নরসিংদী: শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে শহরের আদালতপাড়া ও কলেজ সড়কে ছয়টি অটোরিকশা ও একটি ওষুধের দোকান ভাঙচুর করেন। পুলিশ এ সময় তিনজনকে আটক করে।ফরিদপুর: বেলা তিনটার দিকে শিবিরের ২৫-৩০ জন কর্মী লাঠিসোঁটা ও ইট হাতে ঝটিকা মিছিল নিয়ে মুজিব সড়কে ছয়টি যানবাহন ও একটি দোকান ভাঙচুর করেন। স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় তাঁরা পালিয়ে যান। সেখান থেকে দুজনকে পুলিশ আটক করে।টাঙ্গাইল: দুপুরে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে দুটি গাড়ি ও সাতটি অটোরিকশা ভাঙচুর করা হয়।ফেনী: বেলা সোয়া ১১টার দিকে শিবিরের ২৫-৩০ জন কর্মী ফেনী শহরের শহীদুল্লা কায়সার সড়কে ঝটিকা মিছিল করেন। মিছিল থেকে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ শটগানের ১৩টি গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং সাতজনকে আটক করে।খুলনা: সকাল আটটার দিকে নগরের টুটপাড়া কবরখানা মোড়ে শিবির মিছিল বের করে সড়ক অবরোধ করে। এ সময় একটি বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর এবং একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। মিছিলকারীরা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। বিভিন্ন স্থান থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।সন্ধ্যা সাতটার দিকে নিউমার্কেট এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ও তিনটি ইজিবাইকে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকান ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।বসুপাড়ায় দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্রাবাস থেকে পুলিশ গতকাল আলিম শ্রেণীর ৫২ জন ছাত্রকে গ্রেপ্তার করে।দিনাজপুর: রাত আটটার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে মহাসড়কে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়।পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় দুপুরে শিবিরের মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]