অর্ধশতাব্দী পর জাতিসংঘে রানি এলিজাবেথ
এক ঝটিকা সফরে নিউইয়র্ক এলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। অর্ধশতাব্দীরও বেশি সময় পরে জাতিসংঘে ভাষণ দিলেন তিনি। ১৯৫৭ সালের পর গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে রানি এলিজাবেথ বলেন, জাতিসংঘ বিশ্বের জনগোষ্ঠীর নিরাপত্তা, স্বকীয়তা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ সময়ের সংকট ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টাকে আগামী প্রজন্ম গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন রানি দ্বিতীয় এলিজাবেথকে স্বাগত জানিয়ে বলেন, ব্রিটেনের বর্তমান রানি আমাদের প্রজন্মের এক প্রতীকী ব্যক্তিত্ব। চলমান সভ্যতার নানা সংকট ও পরিবর্তনে রানি এলিজাবেথ নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বলে জাতিসংঘের মহাসচিব মন্তব্য করেন।রানি এলিজাবেথ তাঁর আট মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতায় আরও বলেন, ‘আমার জীবদ্দশায় জাতিসংঘের অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বসংস্থা হিসেবে অনুপ্রেরণা দানকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে জাতিসংঘ এখন মানুষের কল্যাণের জন্য কাজ করছে।’ নতুন চ্যালেঞ্জগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামের কথা উল্লেখ করে রানি বলেন, শান্তির অন্বেষণে নেতৃত্বের পরীক্ষা সব সময়ই কঠিন।কানাডায় সফরকালে রানি এলিজাবেথ এক ঝটিকা সফরে নিউইয়র্কে আসেন। কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বামী প্রিন্স ফিলিপসহ গতকাল মঙ্গলবার তাঁর নিউইয়র্ক সফর ছিল নাটকীয়। নিউইয়র্কে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও ব্যস্ত সময় কাটান ৮৪ বছর বয়সী রানি এলিজাবেথ। নিউইয়র্কের গভর্নর ডেভিড পেটার্সন ও নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি রানি ও তাঁর সফর সঙ্গীদের স্বাগত জানান।জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য রাখার পর রানি এলিজাবেথ গ্রাউন্ড জিরো অর্থাত্ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে বিমান হামলায় ধসে পড়া বিশ্ব বাণিজ্য কেন্দ্র এলাকা পরিদর্শনে যান। ওই সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সেখানে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি গ্রাউন্ড জিরো-সংলগ্ন হ্যানোভার স্কয়ার পরিদর্শনে যান। সেখানে ৯/১১-এ নিহত ব্রিটিশ নাগরিকদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভেও তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ছেড়ে যান। নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত এক প্রতিবেদনে মন্তব্য করেছে, নিউইয়র্কের দাবদাহের বদলে লন্ডনে রানির জন্য শীতল আবহাওয়া অপেক্ষা করছে।