বকেয়া সিম ট্যাক্স
অর্ধেক অর্থ পরিশোধের শর্তে তিন অপারেটরের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা টাকার অর্ধেক ১০ দিনের মধ্যে পরিশোধের শর্তে তিন মুঠোফোন অপারেটরের ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এই তিন অপারেটর হলো—রবি, বাংলালিংক ও সিটিসেল।আজ বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ওই তিন অপারেটরের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এই সময়ের মধ্যে আবেদনকারীরা (অপারেটর) অর্থ পরিশোধে ব্যর্থ হলে এই আদেশ স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়। আদালত সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর এনবিআর ২০০৬ সালের সিম ট্যাক্সের বকেয়া ৩৯২ কোটি টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় তিন অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত রোববার পৃথক রিট আবেদন দাখিল করে তিনটি অপারেটর। হাইকোর্ট বেঞ্চ ওই আবেদনের শুনানি গ্রহণে অস্বীকৃতি জানান। এর বিরুদ্ধে তিনটি অপারেটর গতকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে বাংলালিংক ও সিটিসেলের পক্ষে আইনজীবী এম জহির এবং রবির পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন শুনানি করেন। এনবিআরের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। পরে রবির কৌঁসুলি এ এম আমিন উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, সিমের ওপর মূল্যসংযোজন করের বকেয়া বাবদ এনবিআর রবির কাছে ১৮১ কোটি টাকা দাবি করে এবং পরে ব্যাংক হিসাব জব্দ করে। এ নিয়ে রিট করা হলে হাইকোর্ট তা গ্রহণে অসম্মতি জানান। এর বিরুদ্ধে চেম্বার বিচারপতির কাছে আবেদনটি করা হয়। চেম্বার বিচারপতি আগামী ১০ দিনের মধ্যে ৫০ ভাগ অর্থ পরিশোধ করার শর্তে ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, সিমের বকেয়া কর বাবদ এই তিন অপারেটরের কাছে পাওনা ৩৯২ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এনবিআরের দাবি করা ওই অর্থের ৫০ ভাগ ১০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে আদালত অপারেটরগুলোর ব্যাংক হিসাব জব্দের আদেশ স্থগিত করেছেন। রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে ব্যাংক হিসাব জব্দ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বাতিল করেন এবং এনবিআরের প্রাপ্য অর্থের ৫০ শতাংশ ১০ দিনের মধ্যে রাজস্ব কোষাগারে জমা দিতে রবিকে নির্দেশ দিয়েছেন।’ পরবর্তী শুনানিতে যদি রায় অপারেটরদের পক্ষে যায়, তবে কোষাগারে জমা দেওয়া ওই অর্থ পরে আদালতের নির্দেশে সমন্বয় করা হবে বলে তিনি জানান। রবি, বাংলালিংক ও সিটিসেল মিলিয়ে এনবিআরের মোট প্রাপ্য প্রায় ৩৯২ কোটি টাকা। এর মধ্যে বাংলালিংকের কাছে ১৬৪ কোটি, সিটিসেলের কাছে ৪৭ কোটি এবং রবির কাছে ১৮১ কোটি টাকা পায় এনবিআর।