অর্ধেক মানুষ তথ্যঅধিকার আইন সম্পর্কে অজ্ঞ
দেশের প্রায় অর্ধেক মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে অজ্ঞ। আর শতকরা প্রায় ৮৫ ভাগ মানুষ আইনটি না জানার জন্য প্রচারের অভাবকে দায়ী করেছেন।বেসরকারি উদ্যোগে পরিচালিত এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। তথ্য অধিকার আইনের দুই বছর পূর্তির প্রেক্ষাপটে পরিচালিত ওই জরিপ প্রতিবেদন আজ বুধবার প্রকাশ করা হবে। ২০০৯ সালের ১ জুলাই তথ্য অধিকার আইন কার্যকর হয়। আইনটি নিয়ে গত দুই বছরের পর্যালোচনায় দেখা গেছে, নাগরিকদের অসচেতনতা তথ্যপ্রবাহের অন্যতম বড় বাধা। তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১০ অনুযায়ী, তৃণমূলের জনগণকে আইনটি সম্পর্কে সচেতন করা এবং তাঁদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার উপায় বের করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।আবেদনকারী ২৫ হাজার: গত বছর আইন অনুযায়ী নির্দিষ্ট ফরম ব্যবহার করে তথ্য চেয়ে কমিশনের কাছে আবেদনকারীর সংখ্যা ছিল ২৫ হাজার ৪১০। এর মধ্যে ৭৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়। তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন বলছে, প্রথম বছরে দেশের প্রায় অর্ধেক জেলায় (২৯টি) তথ্য অধিকার আইনের অধীনে তথ্যপ্রাপ্তির জন্য কোনো আবেদন বা অনুরোধ জমাই পড়েনি। এতে মন্তব্য করা হয়েছে, আইনের মাধ্যমে কীভাবে উপকার পাওয়া যাবে, তা এসব জেলার মানুষ জানেন না অথবা আইনটি প্রচারে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি।প্রতি জেলার অনলাইন তথ্য বাতায়নে তথ্য অধিকার আইন সংযোজন করার জন্য জেলা প্রশাসক বরাবর তথ্য কমিশন চিঠি পাঠিয়েছিল। কমিশন গত বছরে দুই দফায় তথ্য বাতায়ন পরীক্ষা করে দেখতে পায়, মাত্র ৩৪টি জেলার বাতায়নে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।তথ্য কর্মকর্তা নিয়োগের চিত্র: তথ্য অধিকার আইনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সরবরাহের জন্য নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে। কিন্তু বেসরকারি পর্যায়ে পরিচালিত জরিপে দেখা গেছে, এ পর্যন্ত মাত্র ৫৪ শতাংশ সরকারি প্রতিষ্ঠান এবং ৬৪ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠান তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তথ্য পাওয়ার জন্য আবেদনকারীদের ৮৫ শতাংশ সরকারি প্রতিষ্ঠানের কাছে এবং ১৫ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আবেদন করেছেন।জরিপে দেখা গেছে, তথ্য চেয়ে আবেদন করলে তা পাওয়া যায়, কিন্তু এ বিষয়টি অনেকেই জানেন না। তথ্য চেয়ে পাননি এমন আবেদনকারীর সংখ্যা মাত্র ১০ শতাংশ। যাঁরা তথ্য পেয়েছেন তাঁদের প্রায় ৭১ শতাংশ বলেছেন, এ জন্য কোনো হয়রানি হয়নি। মামলা ও নিষ্পত্তির সংখ্যা: তথ্য না পেয়ে তথ্য কমিশনে এ পর্যন্ত অভিযোগ দায়ের করেছেন কমপক্ষে ৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে তথ্য কমিশন আমলে নেয় ৩৭টি অভিযোগ। নিষ্পত্তি হয়েছে ৩৪টি। তথ্যে ঘাটতি থাকায় তিনটি অভিযোগের বিষয়ে দুই পক্ষকে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।কমিশন সূত্রে জানা যায়, বেশির ভাগ ক্ষেত্রে দু-তিনটি শুনানির পর তথ্য দিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান। এমনকি শুনানির সময় তথ্য নিয়ে কমিশনের সামনে হাজির হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আইনের আওতায় এ পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে তথ্য দেওয়ার মাধ্যমে। উল্লেখ্য, কমিশন কারাদণ্ড দিতে পারে না, সর্বোচ্চ জরিমানা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড। কমিশনের সিদ্ধান্ত বা রায়ের ওপর দেশের কোনো আদালতে আপিল করা যায় না।যেসব তথ্য চাওয়া হচ্ছে: কমিশন সূত্র জানায়, মূলত দৈনন্দিন জীবনের অতি সাধারণ বিষয়ে তথ্য জানতে চাওয়া হচ্ছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, ব্যবসাপ্রতিষ্ঠানের ডিলিং লাইসেন্স, পাসপোর্ট, জলমহাল ইজারা, খাস-অর্পিত-সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, ভিজিডি কার্ড প্রদান, প্রবাসী বা বিদেশে যেতে আগ্রহীদের বৈবাহিক সনদপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, ভূমির নামজারি করা, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়া, জমির খতিয়ান, পারিবারিক বিরোধ, দলিল লেখকের লাইসেন্স ইত্যাদি বিষয়ে তথ্য জানতে চেয়ে আবেদন করা হয়েছে।এ প্রসঙ্গে কমিশনের একজন কর্মকর্তা জানান, সরকারি সব অফিসের তথ্য শ্রেণীবদ্ধ করে প্রকাশের কথা, কিন্তু তা করা হচ্ছে না। তিনি বলেন, মন্ত্রণালয়গুলো নিজ ওয়েবসাইটে তথ্য প্রকাশ করছে। কিন্তু জেলা প্রশাসনের ওয়েবসাইট সেই অনুযায়ী তথ্যসমৃদ্ধ নয়।তথ্য চাওয়ার আড়ালে খারাপ উদ্দেশ্য?: কমিশনের একটি সূত্র বলেন, তাঁরা মনে করেন, অনেকেই তথ্য চাচ্ছেন খারাপ উদ্দেশ্য নিয়ে। একশ্রেণীর সংবাদকর্মী ও স্থানীয় টাউট প্রকৃতির লোক এমন সব তথ্য চাচ্ছেন, যা তাঁর পেশাগত কাজে প্রয়োজন নয়। দৃষ্টান্ত হিসেবে কমিশনসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, মফস্বলের কোনো সাংবাদিক যখন একটি উপজেলার খাস বা অর্পিত সম্পত্তির পরিমাণ এবং দাগ-খতিয়ানের মতো সুনির্দিষ্ট তথ্য জানতে চান, তখন তথ্য চাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।একটি পৌরসভার ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিরীক্ষা প্রতিবেদন চাওয়া হয় তথ্য অধিকার আইনে এবং তা না দেওয়ায় তথ্য কমিশনে অভিযোগ আসে। কমিশন বলছে, ১০ বছরের নিরীক্ষা প্রতিবেদন কোনো ব্যক্তির দরকার হতে পারে না এবং এ ধরনের তথ্য চাওয়া অযৌক্তিক।আবার তথ্য দেওয়ার পরও কমিশনের কাছে অভিযোগের ঘটনা ঘটেছে। একজন উপজেলা কৃষি কর্মকর্তা ৯০ পৃষ্ঠার প্রতিবেদন অফিসের খরচে ফটোকপি করে দেওয়ার পরও তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করা হয়েছে। কমিশন এ ধরনের অভিযোগ হয়রানিমূলক বলেই মনে করছে। তথ্য কমিশনের শক্তি কতটা: দুই বছরের পর্যালোচনায় দেখা গেছে, তথ্য কমিশন এখনো শক্তিশালী নয়। বেসরকারি জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ মনে করেন, তথ্য কমিশন শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এই ৬৬ শতাংশ মানুষের মধ্যে ৩৫ শতাংশ মনে করেন, কমিশনের আর্থিক স্বাধীনতা নেই। তথ্য কমিশনের কর্মকর্তাদের পদমর্যাদা বাড়ানো, আইনের কঠোর প্রয়োগসহ বেশ কিছু দাবি রয়েছে নাগরিক সমাজের।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির প্রথম আলোকে বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগ ও বাস্তবায়নে বেশ কিছু মানসিক বাধা ও বিপত্তি রয়েছে। তবে গত দুই বছরের চেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে সুশাসন-প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। কমিশনে অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, এই আইনের মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। আইনটি বাস্তবায়ন না করায় একজন চিকিৎসককে জরিমানা করার ঘটনার মাধ্যমে আরও প্রতিষ্ঠিত হয়েছে, এ আইন দায়বদ্ধতা প্রতিষ্ঠা করতে পারে।প্রধান তথ্য কমিশনার এই আইন বাস্তবায়নে আরও বেশি এগিয়ে আসতে সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের কাছে অনুরোধ জানান।