অর্ধেক মানুষের অক্ষরজ্ঞান নেই ২০১৪ সালে নিরক্ষরতামুক্তির স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় অর্ধেক মানুষই অক্ষরজ্ঞানসম্পন্ন নয়। এর মধ্যে সাধারণ নিয়মে বিদ্যালয়ে ভর্তির সময় শেষ হওয়া ১১ থেকে ৪৫ বছর বয়সী প্রায় পৌনে চার কোটি লোক নিরক্ষর। সাক্ষরতার এই নাজুক পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করবে বাংলাদেশ।সরকারি হিসাবে, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৫৩ শতাংশ। কয়েক বছর ধরে এই হার ৫০-এর কোটায় আটকে আছে। সরকারের অঙ্গীকার হচ্ছে, ২০১৪ সালের মধ্যে দেশ নিরক্ষরতামুক্ত করা। কিন্তু সাক্ষরতার চলমান ধীরগতির মধ্যে ওই লক্ষ্যমাত্রা পূরণ করা কতটুকু সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বিষয়ে জানতে চাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে জানান, এটা ঠিক যে সাক্ষরতার হার যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। ব্যুরোর অধীনে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ১১ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর লোকদের সাক্ষর করার কাজ চলছে। তিনি আরও জানান, আগে কেবল কোনো ব্যক্তি স্বাক্ষর করতে পারলেই তাকে গণনায় ধরা হতো। কিন্তু এখন লিখতে, পড়তে ও অনুধাবন করতে হবে এবং অনুধাবন করে অন্যকে ব্যাখা করতে হবে; তবেই গণনায় আনা হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও বিভিন্ন আদমশুমারি অনুযায়ী, ১৯৭১ সালে দেশে সাক্ষরতার হার ছিল ১৬ দশমিক ৮ শতাংশ। তিন বছর পর ১৯৭৪ সালে এই হার দাঁড়ায় ২৫ দশমিক ৯ শতাংশে। এরপর ১৯৯১ সালে সাক্ষরতার হার হয় ৩৫ দশমিক ৩ শতাংশ। এ সময় দেশব্যাপী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম (ইনফেপ)’ নামে একটি বড় প্রকল্প নেওয়া হয়। এরপর ২০০১ সালে সাক্ষরতার হার বেড়ে হয় ৪৭ দশমিক ৯ শতাংশ।২০০৩ সালে সরকারিভাবে সাক্ষরতার হার বেড়ে হয় ৬৫ শতাংশ, কিন্তু ২০০৮ সালে এসে তা কমে দাঁড়ায় ৪৮ দশমিক ৮ শতাংশে। আর বর্তমানে দেশের সাক্ষরতার হার ৫৩ শতাংশ। এটি অবশ্য সর্বশেষ ২০০৯ সালের হিসাব। উপানুষ্ঠানিক শিক্ষার মহাপরিচালক জানান, এরপর আর সাক্ষরতার হিসাব করা হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাক্ষরতার হার বৃদ্ধির এমন ধারাবাহিকতা নিয়ে আগামী তিন বছরের মধ্যে দেশ নিরক্ষরতামুক্ত করার সম্ভাবনা কম। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষরতার বর্তমান হার মোটেও সন্তোষজনক নয়। এটা লজ্জাজনক। আগামী তিন বছরের মধ্যে দেশ নিরক্ষরতামুক্ত করা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সাক্ষরতার হার অবশ্যই বাড়াতে হবে। তবে এ জন্য দরকার সরকারি উদ্যোগ, সামাজিক সচেতনতা ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা।উপানুষ্ঠানিক শিক্ষা ম্যাপিং রিপোর্ট-২০০৯ অনুযায়ী, দেশে বর্তমানে ১১ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর মানুষের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ। এসব মানুষের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে দুটি প্রকল্প কাজ করছে। এর মধ্যে ‘মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১’ দেশের ৬১টি জেলায় পরিচালিত হচ্ছে। আরেকটি প্রকল্প শহরের কর্মজীবী কিশোর-কিশোরীদের জন্য। এর বাইরে আরও দুটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, এটা সম্ভব হবে এবং এ লক্ষ্যে চেষ্টা চলছে।’আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: সারা বিশ্বের মতো আজ ৮ সেপ্টেম্বর বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবার সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘সাক্ষরতাই শক্তি, সাক্ষরতায় উন্নতি’। দিনটি উপলক্ষে আজ সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব আবদুল আউয়াল মজুমদার প্রমুখ। বিকেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোয় গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সব স্তরের নাগরিককে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘আমরা এ বছর বিদ্যালয়ে গমন উপযোগী প্রায় শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে সক্ষম হয়েছি। ২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে নিরক্ষরতামুক্ত করতে সরকার বদ্ধপরিকর।’