অর্ধেক সম্পদ বিলিয়ে দেবেন ধনকুবের মোটসেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধনকুবের ও খনি ব্যবসায়ী প্যাট্রিস মোটসেপ তাঁর অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোটসেপের বিবৃতির বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোটসেপ আফ্রিকান রেইনবো মিনারেলসের প্রতিষ্ঠাতা। এটি সোনা, প্লাটিনাম, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করে। মোটসেপ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ঘোষিত অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। ‘ফোর্বস’ সাময়িকীর তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার প্রথম ও কৃষ্ণাঙ্গদের মধ্যে একমাত্র কোটিপতি মোটসেপের বর্তমান সম্পদের পরিমাণ দুই দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি একটি ফুটবল ক্লাবেরও মালিক।মোটসেপ জানিয়েছেন, পৃথিবীর অন্যতম দুই শীর্ষ ধনী বিল গেটস ও ওয়ারেন বাফেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।মোটসেপ বলেন, ‘আমি কিছুদিন আগেই আমাদের পরিবারের অর্জিত সম্পদের অর্ধেক দরিদ্রদের জীবনমান উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে এটা আমার দায়িত্বের মধ্যেও ছিল, যেন তা প্রতিষ্ঠানের অংশীদার ও বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী না হয়।’ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে মোটসেপের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আইন বিষয়ে প্রশিক্ষিত ৫১ বছর বয়সী মোটসেপ আরও জানিয়েছেন, তিনি বিল ও ওয়ারেনের গড়া ‘দ্য গিভিং প্লেজ’ নামের সংগঠনেও যোগ দিতে যাচ্ছেন। এ পর্যন্ত সংগঠনটিতে ৭০ জন কোটিপতি যোগ দিয়েছেন। সংগঠনটি কোটিপতিদের অর্জিত বেশির ভাগ সম্পদ জনকল্যাণে ব্যয় করানোর বিষয়ে অঙ্গীকার করিয়ে থাকে।‘উবুনটু’ নামের আফ্রিকার একটি প্রচলিত বিশ্বাস দ্বারাও অনুপ্রাণিত হয়েছেন মোটসেপে। উবুনটুর অর্থ, ‘আমি যা, তা তোমার জন্যই’। অর্থাত্ কোনো ব্যক্তির পরিপূর্ণভাবে উদ্ভাসিত হওয়ার জন্য অন্যের সাহায্য দরকার। এ প্রসঙ্গে মোটসেপ বলেন, ‘দক্ষিণ আফ্রিকানরা যত্নবান, সমব্যথী ও স্নেহময়ী মানুষ। সমাজের ভাগ্যবিড়ম্বিত ও প্রান্তিক মানুষকে সাহায্য করাই আমাদের সংস্কৃতি ও প্রথার একটি অংশ। উবুনটু আমাদের সেই আদর্শের কথাই বলে।’