অর্পিত সম্পত্তি, খাসজমি, খাল—সব আবাসন প্রকল্পের ভেতরে নিয়ে প্লট করে বিক্রি করা হয়েছে ঢাকার ধামরাই উপজেলায়। অন্তত তিনটি প্রকল্পে ১৩ বিঘা অর্পিত সম্পত্তি দখলের প্রমাণ পেয়ে স্থানীয় ভূমি অফিস সংশ্লিষ্ট ব্যক্তিদের নামজারি বাতিল করে দিয়েছে। চলছে মামলার প্রস্তুতি। ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনিন বলেন, ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজায় গড়ে ওঠা আবাসন প্রকল্প ‘আমিন মডেল টাউনে’ ১০ বিঘার ওপর অর্পিত সম্পত্তি রয়েছে। ‘বরাতনগর’ ও ‘ধানসিড়ি’ আবাসন প্রকল্পেও অর্পিত এবং খাসজমি রয়েছে। এসব জমি উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আমিন মডেল টাউনের প্লট নিয়েছেন এমন কয়েকজনের নামজারি বাতিল করা হয়েছে। নোটিশ দেওয়ার পরও কোনো উত্তর না দেওয়ায় বরাতনগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া মৌজায় অর্পিত সম্পত্তির পরিমাণ ৬৩ বিঘা। এর মধ্যে কিছু জমি এক বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। তবে অধিকাংশ জমি অবৈধ দখলদারের কবলে রয়েছে। জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্রও তৈরি করে নিয়েছেন অনেকে।আমিন মডেল টাউন: ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজায় প্রায় ২৪ একর জমি নিয়ে এই প্রকল্প। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ১০০ গজ দূরে বহু দিনের পুরোনো জলাশয় ভরাট করে প্রল্ট বিক্রির উপযোগী করা হচ্ছে। প্রতিদিন ট্রাকে ট্রাকে মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে। ভরাট করা অংশে ইটের গাঁথুনি দিয়ে দেড় শতাধিক প্লটও তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যেই বিক্রিও হয়ে গেছে। জলাশয় ভরাট করে মাটি ফেলার কারণে ওই আবাসন প্রকল্পের আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ধামরাইয়ের ইসলামপুরের বাসিন্দা প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘এই প্রকল্পের মধ্যে ৩২৮ নম্বর খতিয়ানে ৬৮ নম্বর দাগের ১৩ শতাংশ জমির মালিক আমি। ওই জমিও দখল করে প্লট বানিয়ে বিক্রি করা হয়েছে।’ধামরাই পৌরসভার মেয়র দেওয়ান নাজিম উদ্দিন বলেন, প্রভাবশালী লোকজন দক্ষিণপাড়া মৌজায় আবাসন প্রকল্পের নামে খাস ও অর্পিত সম্পত্তি দখল করে এবং জলাশয় ভরাট করে তা প্লট আকারে বিক্রি করছেন। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর ডুবে যাচ্ছে। পৌরসভা থেকে সতর্ক করার পরও আবাসন প্রকল্প কর্তৃপক্ষ জলাশয় ভরাট করে চলেছে।ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, আমিন মডেল টাউনের মধ্যে ৮৩ নম্বর দাগে চার শতাংশ, ৮১ ও ৭৭ নম্বর দাগে ৩৫ শতাংশ, ৬৮ নম্বর দাগে ১৪১ শতাংশ, ৬৯ নম্বর দাগে সাড়ে ১৯ শতাংশ, ৭০ নম্বর দাগে ২৯ শতাংশ, ৭১ নম্বর দাগে প্রায় সাড়ে ২৪ শতাংশ, ৬৭ নম্বর দাগে প্রায় সাড়ে ২৫ শতাংশ, ৪৪ নম্বর দাগে সাড়ে সাত শতাংশ, ৫০ নম্বর দাগে ৪৩ শতাংশ এবং ১৬ নম্বর দাগে ১৪ শতাংশ জমি অর্পিত সম্পত্তি রয়েছে। হিসাব অনুযায়ী ১১টি দাগে মোট অর্পিত সম্পত্তির পরিমাণ ১০ বিঘারও বেশি।আমিন মডেল টাউনের প্রকল্প ব্যবস্থাপক সুবেদার (অব.) তাহের আহমেদ বলেন, ‘আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি কিনে প্রকল্প করে তা প্লট আকারে বিক্রি করছি। তবে কিছু কিছু দাগে ওই সব ব্যক্তিমালিকানাধীন জমির সঙ্গে অর্পিত সম্পত্তি থাকতে পারে। কিন্তু প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলা হয়নি। বরং সহকারী কমিশনারের কার্যালয় থেকে প্রকল্প এলাকার সব জমিরই নামজারি করে দেওয়া হয়েছে। কোনো বিতর্ক থাকলে তা দেওয়ার কথা নয়।’ধানসিড়ি আবাসিক প্রকল্প: আমিন মডেল টাউনের পাশে ঢুলিভিটা-ধানতারা সড়কসংলগ্ন চার একর জমি নিয়ে ধানসিড়ি আবাসন প্রকল্পের কাজ চলছে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে সরকারি খাল ভরাট করে এই আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাল ছাড়া প্রকল্পের বাকি জমি কেনা অথবা নিজেদের।ধামরাই পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ধানসিড়ি আবাসন প্রকল্পের মধ্যেও সরকারি জমি রয়েছে। ঢুলিভিটা-ধানতারা সড়কসংলগ্ন সরকারি খাল ভরাট করে মাটি ফেলা হয়েছে।ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ধানসিড়ি আবাসিক প্রকল্পেও খাস ও অর্পিত সম্পত্তি রয়েছে। এর মধ্যে ভরাট করা খালের অংশ প্রায় দুই বিঘা। তবে প্রকল্পটিতে কী পরিমাণ অর্পিত সম্পত্তি রয়েছে তাঁর কোনো হিসাব দপ্তরে নেই।বরাত নগর আবাসন: আমিন মডেল টাউন ও ধানসিড়ি আবাসিক প্রকল্পের পাশে ধামরাই থানাসংলগ্ন ১০ একর জমি ওপর গড়ে উঠেছে বরাত নগর আবাসন প্রকল্প। এই প্রকল্পের সব কটি প্লট কয়েক বছর আগেই বিক্রি হয়ে গেছে। ক্রেতারা সেখানে ভবন নির্মাণ করে বসবাসও করছেন। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, ইতিমধ্যেই বরাত নগরে ৫০ শতাংশ খাসজমির সন্ধান পাওয়া গেছে। ওই প্রকল্পের মধ্যে আরও খাসজমি থাকতে পারে। বরাত নগর আবাসন প্রকল্পের কর্ণধার মীর বরাত আলী বলেন, ‘পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির ওপর আবাসন প্রকল্প করে প্লট আকারে বিক্রি করেছি। আমার প্রকল্পের মধ্যে কোনো খাস জমি নেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অন্যায়ভাবে আমার পৈতৃক সম্পত্তি খাস জমি করে রাখা হয়েছে।’তবে ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান বলেন, বরাতের দখলে থাকা ৫০ শতাংশ খাস জমির বৈধ কাগজপত্র দেখানোর জন্য বরাত কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য: ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান বলেন, আমিন মডেল টাউনের মধ্যে ১০ বিঘারও বেশি অর্পিত সম্পত্তি রয়েছে। এখান থেকে যাঁরা জমি ক্রয় করেছেন এমন চারজনের নামজারি বাতিল করা হয়েছে। পর্যায়ক্রমে ওই প্রকল্পের মধ্যে থাকা সব অর্পিত সম্পত্তির খারিজ বাতিল করে দেওয়া হবে। তিনি বলেন, ধানসিড়ি আবাসন প্রকল্পের মধ্যে থাকা সরকারি খাল পুনরুদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনিন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিন মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ম্যাডাম তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও আমার দপ্তরে এ সংক্রান্ত নথিপত্র পাওয়া না যাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের কবলে থাকা সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) বারবার বলার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই আচরণ রহস্যজনক।