অর্পিত সম্পত্তি আইন আবারও প্রত্যাহারের দাবি
সম্প্রতি জাতীয় সংসদে যে বিলটি উত্থাপন করা হয়েছে, সেটি ২০০৯ সালের আইনটির অবিকল নকল। এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ২০০১ সালের আইনটিকে মূল আইন ধরে সেটিতে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন) বিল-২০১০: উদ্বিগ্ন নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানিয়েছেন। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি, নিজেরা করি, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই সভার আয়োজন করে। বিচারপতি গোলাম রাব্বানির সভাপতিত্বে ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের উদ্যোক্তা সুব্রত চৌধুরী। বিচারপতি গোলাম রাব্বানি বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০১০ প্রত্যাহার করতে হবে। ২০০১ সালের আইনটিকে মূল আইন ধরে সেটি সংশোধন করতে হবে এবং যারা এই আইনটিকে কালো আইনে পরিণত করছে তাঁদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটি করতে না পারলে ভোট বিপ্লবের সুফল হাতছাড়া হয়ে যাবে। হাসানুল হক ইনু বলেন, ৪০ বছর পর যুদ্ধাপরাধের বিচার করতে পারলে, জমির মালিকও খুঁজে বের করা যাবে। ৭ ডিসেম্বর সংসদে যে আইনটি উত্থাপন করা হয়েছে, সেটি একটি বাজে আইন। এটি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত। পংকজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধের বিচার হবে, কিন্তু শত্রু সম্পত্তি আইন থাকবে, এই স্ববিরোধিতা মেনে নেওয়া যায় না। এই প্রস্তাবের মধ্যে পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে। সংবিধান দেশের সব নাগরিককে যে সমান অধিকার দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এ ছাড়াও আলোচনায় অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চেতনায় ’৭১ হবিগঞ্জের সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী প্রমুখ।