অর্পিত সম্পত্তি আইনে সংশোধনী আনায় মানুষ আশাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০১১ সালে একবার, ২০১২ সালে দুবার এবং গত ৫ মে আইনে যেসব সংশোধনী আনা হয়েছে, তাতে মানুষের আশা দুরাশায় পরিণত হয়েছে।আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর সংশোধনীর সংকট ও জনদুর্ভোগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এ কথা বলেন।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের নয়টি মানবাধিকার সংগঠন ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে আলোচকেরা বলেন, সর্বশেষ সংশোধনীতে সম্পত্তির নতুন নতুন তালিকার গেজেট প্রকাশের যে সুযোগ সৃষ্টি করা হয়েছে, তা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এ সংশোধনী বাতিল করা না হলে সংখ্যালঘুদের কোনো সম্পত্তিই আর অর্পিত তালিকার বাইরে থাকবে না।আলোচকরা অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা পুরাপুরি বাতিল, ‘ক তফসিলের’ ১৯৭৪ সালের ২৩ মার্চের পরে তালিকাভুক্ত সম্পত্তির গেজেট বাতিল এবং সংশোধিত তালিকার গেজেট বাতিলসহ নতুন করে ‘খ’ তালিকার অর্পিত সম্পত্তির ইজারা দেওয়াকে বেআইনি বলে অভিহিত করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন। লিখিত বক্তব্যে নয়টি দাবি জানানো হয়েছে।লিখিত বক্তব্যে বলা হয়েছে, বিভিন্ন জেলায় ট্রাইব্যুনাল ও জেলা কমিটিতে চার লাখের বেশি আবেদন জমা পড়েছে। কিন্তু ট্রাইব্যুনালে বিচারকের স্বল্পতা, আইনি অস্পষ্টতা, একশ্রেণীর অসত্ কর্মচারী এবং কর্মকর্তার অসহযোগিতার কারণে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংবাদ সম্মেলনে আলোচকেরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এ ধারা ১৪ পরিবর্তন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত ‘ক’ তালিকার অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে এবং জেলা প্রশাসক প্রচলিত আইন অনুযায়ী আগের ইজারা নবায়ন করতে পারবেন বলে বিধান যুক্ত করারও দাবি জানান।সংবাদ সম্মেলনে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি অসংখ্য ভুলে ভরা। এ ছাড়া এটি ১৯৭৪ সালের আইনের পরিপন্থী এবং সুপ্রিম কোর্টের রায়ও নির্দেশনা অনুযায়ী অবৈধ। তাই ‘খ’ তফসিল পুরোটা বাতিল করতেই হবে। তা ছাড়া ‘ক’ ও ‘খ’ তফসিলের সংশোধিত তালিকা প্রকাশের নামে নতুন করে যেসব সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে, সেসব সম্পত্তির তালিকা অবৈধ। তাই সংশোধিত ও তারিখবিহীন সব অর্পিত সম্পত্তির গেজেট বাতিল করতে হবে। এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এসব সংশোধনী বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সরকার যদি ব্যবস্থা না নেয়, তখন কঠোর আন্দোলনেরও কথাও জানান তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ প্রমুখ।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের নয়টি মানবাধিকার ও সামাজিক সংগঠন হচ্ছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, এএলআরডি, আইন ও সালিশ কেন্দ্র, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, নিজেরা করি, এইচডিআরসি, বাংলাদেশ লিগ্যাল অ্যাইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।