হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইনে সংশোধনের প্রস্তাব
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রস্তাবিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইনে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তারা তাদের কনভেনশনে সাতটি প্রস্তাবও পাস করেছে। প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে প্রস্তাবিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ পাসের জন্য উপস্থাপনের কথা রয়েছে।আজ গৃহীত প্রথম প্রস্তাব হচ্ছে—ক্ষতিগ্রস্ত আপামর জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে ২০০১ সালে গৃহীত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের প্রতি পূর্ণ সমর্থন।দ্বিতীয় প্রস্তাব—সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে ১৯৭৪ সালের ২৪ মার্চ পর্যন্ত সরকারের কাছে ন্যস্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করে সংশোধনী আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নির্ধারণ।তৃতীয় প্রস্তাব—সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ১৯৭৪ সালের ২৩ মার্চের সেন্সর তালিকা অনুযায়ী, অর্পিত সম্পত্তির তালিকা অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করে এর বহির্ভূত ১৯৭৪ সালের ২৩ মার্চের পর অবৈধভাবে আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে ১/১ খতিয়ানে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত সব সম্পত্তি আইনগত কর্তৃত্বহীন বিধায় তা অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য নয় বলে ঘোষণা করার আবেদন।চতুর্থ প্রস্তাব—২০০১ সালের প্রত্যর্পণ আইনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের দাবিদার হিসেবে স্ফীত ‘মূল মালিকের উত্তরাধিকার’-এর পাশাপাশি সহঅংশীদার কিংবা তার উত্তরাধিকার নারী-পুরুষ নির্বিশেষে একই সম্প্রদায়ভুক্ত শরিকদার, একই পরিবারের সদস্য, মূল মালিক কিংবা তাদের উত্তরাধিকার দ্বারা বৈধভাবে বিক্রি করা জমির মুসলিম সম্প্রদায়ভুক্ত মালিকদের অধিকার সুনিশ্চিত করা।পঞ্চম প্রস্তাব—জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে এতে মামলা নিষ্পত্তির তারিখ সুনির্দিষ্ট করা এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংশোধনী আইনে হাইকোর্টে আপিলের বিধান রাখা।ষষ্ঠ প্রস্তাব—২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে বিদ্যমান ‘নাগরিক’-এর সংজ্ঞা ‘অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক হন’ এই শব্দাবলির মধ্য থেকে ‘অব্যাহতভাবে’ শব্দ কর্তন করা।সপ্তম প্রস্তাব—মূল আইনের ২৭ ধারায় ‘বিক্রয়’ শব্দের স্থলে ‘প্রতীকী মূল্য’ শব্দাবলি প্রতিস্থাপিত করার পাশাপাশি ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত সময়কালের জমির মৌজাহার এহেন প্রতীকী মূল্য হিসাবে নির্ধারণ।সি আর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।অন্যদের মধ্যে নারীনেত্রী শিরীন আক্তার, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম এইচ রহমান, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, অধ্যাপক অজয় রায়সহ চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।