অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনী নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে মন্ত্রিসভা ১ এপ্রিল যে সংশোধনী প্রস্তাব এনেছে, এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে দেশের নয়টি নাগরিক অধিকার সংগঠন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষে এ কথা জানানো হয়।এ নয়টি সংগঠন হলো: আইন ও সালিশ কেন্দ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, এলআরডি, অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলন, ব্লাস্ট, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও এইচডিআরসি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন। এতে বলা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে মন্ত্রিসভা কিছু সংশোধনী এনেছে। নয়টি নাগরিক অধিকার সংগঠন মনে করে, সংশোধনীর, বিশেষ করে ৩০ (ক) ধারাটি আইনটির মূল ধারণার সঙ্গে অসংগতিপূর্ণ ও বেআইনি।৩০ (ক) ধারায় বলা হয়েছে, সম্পত্তির তালিকা প্রকাশের সময়সীমা, আবেদন ও নিষ্পত্তির সময় সরকার বা ভূমি মন্ত্রণালয় ইচ্ছামতো বাড়াতে পারবে।নাগরিক সংগঠনগুলো মনে করে, এতে নতুন নতুন সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা আছে। এটি সরকারের সদিচ্ছার পরিপন্থী এবং আমলাদের কুচিন্তার প্রকাশ। গেজেট প্রকাশের ক্ষমতা দেওয়ার ফলে এর অপব্যবহার হতে পারে, যার কিছু প্রমাণ এখনই মাঠপর্যায়ে পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠপর্যায়ে অনুসন্ধান করে দেখা গেছে, সংশোধিত গেজেটের নামে নতুন নতুন সম্পত্তি তালিকাভুক্ত করে এক শ্রেণীর অসাধু ও দুর্নীতিপরায়ণ ভূমি কর্মকর্তা ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ আদায়ের ফাঁদ পেতেছে। এর ফলে ভুক্তভোগী জনগোষ্ঠীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ কারণে নাগরিক অধিকার সংগঠনগুলো এ ধারাটি বিলুপ করার জন্য সরকারের প্রতি দাবি জানায়।এ ছাড়া অর্পিত সম্পত্তির ব্যাপারে আবেদনগুলোর নিষ্পত্তির সময়সীমা সরকারের প্রস্তাবিত ৩০০ দিন বাড়ানোর প্রস্তাবকে ৬০০ দিন করারও দাবি জানানো হয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো মানুষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। এসব ঝামেলা মেটাতে আরও উদ্যোগী হওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।