অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনী বিলে পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।জানা গেছে, বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১-এর অধিকতর সংশোধনকল্পে আনা বিলের ওপর কমিটির সদস্যরা এবং ভূমি ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ মতামত উপস্থাপন করেন। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হয়। পরবর্তী সময়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে বৈঠকে জানানো হয়।এ সময় কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, মো. শাহাব উদ্দিন, মো. আবদুল হাই, ভূমিসচিব মো. মোখলেছুর রহমানসহ ভূমি ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।—বাসস