অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল সংসদে উত্থাপন
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল ২০১২ ও গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল ২০১২ গতকাল মঙ্গলবার সংসদে উত্থাপিত হয়। এর আগে অধ্যাদেশ জারির মাধ্যমে আইন দুটি সংশোধন করা হয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা ১২০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিনে করার প্রস্তাব রেখে এ সম্পর্কিত বিলটি সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত এই আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে রেজাউল করিম বলেন, বি জি প্রেস থেকে গেজেট ছাপা হওয়ার পর সরবরাহ করতে প্রায় ২০ থেকে ৩০ দিন সময় লেগে যায়। তাছাড়া গেজেট প্রকাশের পর তা জেলা ও উপজেলায় বিতরণ নিশ্চিত করতে আরও কয়েকদিন সময় লাগে। সম্পত্তির দাবিদার দাবির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেও সময়ের সময়ের প্রয়োজন হয়। সে কারণে আবেদনের সময়সীমা বাড়ানো প্রয়োজন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অনুপস্থিতিতে গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল ২০১২ সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত বিধানের কারণে উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার ফলে পদটি দীর্ঘদিন শূন্য থাকে। আইনটি জাতীয় সংসদে পাস হলে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ হবে এবং নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসন হবে। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদের অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।