অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ২০১১ সম্পর্কিত কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। এতে দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে।গতকাল মঙ্গলবার ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রতিবেদনটি উত্থাপন করেন। চলতি অধিবেশনেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেটে উল্লেখ করা জমির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে তা গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দাবির সমর্থনে প্রমাণসহ জেলা কমিটির কাছে আবেদন করতে হবে। জেলা কমিটি ১২০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে দেবে। প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। জেলা কমিটির সুপারিশে কেউ সংক্ষুব্ধ হলে তিনি ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করতে পারবেন।প্রস্তাবিত আইন অনুসারে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় একজন সাংসদসহ সাত সদস্যের জেলা কমিটি গঠনের কথা বলা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। কারও দাবি যথার্থ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট অর্পিত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। সরকারি সম্পত্তি সরকার বিবেচনামতো বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবে। এ ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী বা ইজারাসূত্রে ভোগদখলকারী অগ্রাধিকার পাবেন।গত বছরের ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে স্পিকার এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান। কমিটি বিলটি স্পর্শকাতর বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতও নিয়েছে।