অর্পিত সম্পত্তি বিল সংসদে উপস্থাপিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের কার্যসূচিতে থাকলেও আজ সোমবার শেষ মুহূর্তে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ সংসদে উপস্থাপিত হয়নি। স্পিকার আবদুল হামিদ দিনের কার্যসূচি অনুসারে বিলটি উপস্থাপনের জন্য আহ্বান জানালে মন্ত্রী বিলটি দিনের কার্যসূচি থেকে প্রত্যাহারের আবেদন করেন। পরে স্পিকার বিলটি দিনের কার্যসূচি থেকে তুলে নেন।জানা গেছে, বিলটি নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিলটি প্রত্যাহার করা হয়।ছয় দিন বিরতির পর আজ বিকেল তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।প্রশ্নোত্তর পর্ব শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সংবাদপত্রের সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক এবং লেখকদের অহেতুক হয়রানি বন্ধে জাতীয় সংসদে ফৌজদারী কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করেন।মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনকালে মন্ত্রী বলেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা আরও শক্তিশালী করতে সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ সংশোধন করছে। সংশোধনী অনুযায়ী হয়রানি বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে সমন জারি করা হবে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু: রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা আজ জাতীয় সংসদে শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। হুইপ আ স ম ফিরোজ প্রস্তাবটি সমর্থন করলে তা সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। রাত সোয়া সাতটায় সংসদের বৈঠক কাল মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।