অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের সময়সীমা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়াতে আজ বৃহস্পতিবার সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ২০১২ পাস হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। আগের আইনে ৯ ধারায় বলা আছে, আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে সরকার অর্পিত সম্পত্তির মৌজা ভিত্তিক জেলাওয়ারি তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করবে। নতুন আইনে এই সময়সীমা ৩০০ দিন করা হয়েছে।আগের আইনে ৯ক ধারায় বলা আছে, মৌজাভিত্তিক জেলাওয়ারি তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে অর্পিত সম্পত্তির দাবিদার মনে করলে, তাঁর দাবির সমর্থনে প্রয়োজনীয় প্রমাণাদিসহ গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি অথবা ট্রাইব্যুনালে ওই সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করতে পারবেন। নতুন আইনে এই সময়সীমা ১২০ দিন করা হয়েছে। এ ছাড়া আইনে ‘প্রত্যর্পণযোগ্য’ শব্দটির পরিবর্তে ‘অর্পিত’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তির পরিমাণ বেশি হওয়ায় ১৫০ দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। তালিকা প্রকাশের পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গেজেট বিতরণে সময় লেগে যাচ্ছে। সাধারণ মানুষ গেজেট প্রকাশের ২০-২৫ দিন পর বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সে জন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।