অলংকার, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গুলি লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গত বুধবার গভীর রাতে জালালউদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাসা থেকে লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, টাকা, অলংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল কুদ্দুস ও রুবেল নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।কদমতলী থানা সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ২০-২৫ জন ডাকাত নামা শ্যামপুরের ২৬, হাজি লাল মিয়া সরদার রোডের বাসিন্দা রড ও সিমেন্ট ব্যবসায়ী জালালউদ্দিনের বাড়ির সামনের বারান্দার গ্রিল কাটে। এদের মধ্যে ১০-১২ জন ডাকাত কাটা স্থান দিয়ে বারান্দায় ঢোকে। তারা শাবল লাগিয়ে দরজা খুলে জালালের দুই ছেলে লাহাউদ্দিন ও সেন্টুর কক্ষে ঢুকে গামছা দিয়ে তাদের মুখ ও হাত-পা বেঁধে ফেলে। এরপর জালালের ঘরে ঢুকে গামছা দিয়ে তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে।ঘটনার বর্ণনা দিয়ে ব্যবসায়ী জালালউদ্দিন প্রথম আলোকে জানান, দরজা ভেঙে মুখোশ পরা ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতেরা বলে, ‘তোর বড় ছেলেকে হত্যা করেছি। চিৎকার করলে তোকে হত্যা করব, চাবি দে।’ এরপর তারা চাবি নিয়ে স্টিলের আলমারি খুলে দুই লাখ ৭২ হাজার টাকা ও ৬০ ভরি সোনার অলংকার লুট করে। ডাকাতেরা লাহাউদ্দিন ও সেন্টুর কক্ষ থেকে ৭২ হাজার টাকা লুটে নেয়। এ ছাড়া তারা লাইসেন্স করা একটি রিভলবার, একটি দোনলা বন্দুক, ৫২টি গুলি ও কয়েকটি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়।জালাল জানান, রাত পোহালে তাঁদের চেঁচামেচির শব্দে প্রতিবেশীরা এসে হাত-পা ও মুখের বাঁধন খুলে দেয়। গ্রেপ্তার হওয়া কুদ্দুস স্থানীয় ডাকাত বলে জালাল দাবি করেন।ওসি জানান, এ ঘটনায় ব্যবসায়ী জালালউদ্দিন বাদী হয়ে ডাকাতির মামলা করেছেন। লুট হওয়া অস্ত্র, গুলি, টাকা ও অলংকার উদ্ধারে অভিযান চলছে।