খেলাটির ধরন হয়তো নাটকীয়ভাবে পাল্টে গেছে। কিন্তু অলরাউন্ডারের ভূমিকা আজও আদি-অকৃত্রিমই আছে। ক্রিকেটের শুরুতে একজন অলরাউন্ডারকে যা করতে হতো, এই আধুনিককালে এখনো সেটাই করতে হয়। সেটি ক্রিকেটের সব ফরম্যাটেই। অলরাউন্ডারের ভূমিকা এমন হতে হয়, ব্যাট-বল দুই জায়গাতেই অবদান রাখবে।এখনকার অলরাউন্ডারদের মধ্যে দুজনকে আমার খুব ভালো লাগে—জ্যাক ক্যালিস আর শেন ওয়াটসন। বাকি যারা আছে, তারা কিন্তু এই দুজনের মানের কাছাকাছি নেই।অলরাউন্ডারদের মান দিনকে দিন পড়ে যাচ্ছে দেখে খুব কষ্ট পাই। মাত্রাতিরিক্ত টি-টোয়েন্টি আসলে এ ধরনের ক্রিকেটারকে খুন করে ফেলছে। এটা খুবই খারাপ পরিণতি। আমার মনে হয়, আমরা ইদানীং খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলছি—আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়েও। এটাই খেলোয়াড়দের অলরাউন্ডার হতে দিচ্ছে না।সাকিব আল হাসান আর ড্যানিয়েল ভেট্টোরির মতো দুই স্পিনার অবশ্য অলরাউন্ডার হয়ে উঠছে। দুজনই সামনে থেকে নেতৃত্ব দেয়। ভালো মানের অলরাউন্ডার হিসেবে তাদের সেই প্রতিভা আছে।আমাদের সময়টায় ক্রিকেটবিশ্বে ছিল দুর্দান্ত সব ফাস্ট বোলারের রাজত্ব। অবশ্য ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা সব অলরাউন্ডারের সঙ্গে খেলার সৌভাগ্যও আমাদের হয়েছে। আমি মনেপ্রাণে প্রার্থনা করি, ক্রিকেটের সেই উজ্জ্বল দিন আবার ফিরে আসুক।আসুন প্রার্থনা করি, এই বিশ্বকাপ থেকেই শুরু হোক অলরাউন্ডারদের নতুন যুগ। আমি ভীষণভাবে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বসেরা অলরাউন্ডারদের সেই স্বর্ণযুগে ফিরে যেতে পারি, ক্রিকেটের মান আপনাআপনিই ভালো হবে।এখন দলগুলোর একাদশে বেশির ভাগ সময়ই একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটসম্যান রাখা হচ্ছে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। স্বল্প মেয়াদে এই নীতি হয়তো ফলদায়ক, কিন্তু ক্রিকেটে ম্যাচ জিততে হলে আপনাকে উইকেট নিতেই হবে। একজন অলরাউন্ডার না থাকায় দলগুলো তাই ভারসাম্য খুঁজে পাচ্ছে না।অনিয়মিত বোলাররা হয়তো মাঝেমধ্যে উইকেট তুলে দেবে, সব সময় কিন্তু নয়। আমি আশা করব, দলগুলো যেন ভারসাম্য তৈরি করতে পারে। এতে করে অধিনায়কের পক্ষেও পরিকল্পনা করতে সুবিধে হয়। অধিনায়ক নিজের মতো পরিকল্পনা করতে পারছে না মানেই কিন্তু হাত বেঁধে তাকে মাঠে নামানো হচ্ছে।অলরাউন্ডার প্রজাতিটিকে বাঁচিয়ে তুলতে ভূমিকা রাখতে পারে এমন বেশ কিছু ক্রিকেটার কিন্তু আছে। পাকিস্তানের আছে আফ্রিদি-রাজ্জাক। ইংল্যান্ডের আছে ইয়ার্ডি-কলিংউড। তরুণ অ্যাঞ্জেলো ম্যাথুসও নজর কাড়ছে। সহযোগী দলগুলোর মধ্যে আছে রায়ান টেন ডয়েসক্যাটের মতো খেলোয়াড়। তাই বিশ্বকাপটা কৌতূহল জাগাচ্ছে।উপমহাদেশে, যেখানে কোনো স্কোরই আসলে নিরাপদ নয়; এমন জায়গায় অলরাউন্ডাররা কিন্তু দলে ভারসাম্য এনে দিতে পারে। আশা করছি, সব কটি দল তাদের এই শূন্যতাটুকু পূরণ করার মতো যোগ্য কাউকে খুঁজে পাবে। তবে আমি শেষ পর্যন্ত বাজি ধরব ওয়াটসন আর ক্যালিসের ওপরই, যারা নিজেদের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত নিয়ে যাবে।