অলি ও কাদের সিদ্দিকী ছাড়া কারও সাড়া নেই
রাজনৈতিক ঐক্য গঠনে এলডিপি ছাড়া অন্য দলগুলোর ইতিবাচক সাড়া পায়নি বিএনপি। জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা, ছোট দলগুলোর প্রত্যাশা পূরণ না হওয়া এবং এ ক্ষেত্রে সরকারি দলের তৎপরতা ঐক্য গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।এদিকে মহাজোট আরও সম্প্রসারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগও এখনো সফল হয়নি। এখন পর্যন্ত শুধু কাদের সিদ্দিকীর কাছ থেকেই কিছুটা সাড়া মিলেছে।নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস ধরে দলটি একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার জন্য কাজ করছে। প্রাথমিক পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও সমমনা আটটি রাজনৈতিক দলের বাইরে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত প্রায় ১০টি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। কিন্তু যতটা সাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হয়েছিল, বিএনপির সেই প্রত্যাশা পূরণ হয়নি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘একটি বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনা চলতে থাকবে। এখনই বলা যাবে না বিএনপি প্রাথমিক পর্যায়ে কতটা সফল হয়েছে।’তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ ঐক্য গড়ে উঠবে। এ প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন। কেবল আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপি কতটা এগিয়েছে, তা তো সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। নিজেদের ঘরই এখন তারা সামলাতে পারছে না।যাদের সঙ্গে বিএনপির কথা হয়েছে: বিএনপির এক নেতা জানান, ছোট-বড় প্রায় সব দলের সঙ্গে বিএনপি যোগাযোগ করেছে। কিছু ভোট আছে এবং ব্যক্তি ইমেজ আছে এমন অন্তত ১০টি রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন বিএনপির নেতারা। দলগুলো হলো: বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও জাতীয় পার্টি (জেপি)। এ ছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছেন বিএনপির নেতারা। মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদের সঙ্গেও বিএনপি যোগাযোগ করেছে বলে জানা গেছে।এলডিপির সঙ্গে সফল আলোচনা: বিএনপি জোট সম্প্রসারণে দৌড়ঝাঁপ করলেও এখন পর্যন্ত অলি আহমদের এলডিপি ছাড়া আর কাউকে পাশে পায়নি। এলডিপি বিএনপির ডাকা গত হরতালে সমর্থন দিয়ে প্রাথমিক সমর্থনের কথা জানিয়েছিল। আর ৩০ জুলাই ঢাকায় বিশেষ প্রতিনিধি সভা করে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানাবে বলে জানা গেছে। তবে চারদলীয় জোটে জামায়াত থাকায় এলডিপি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাবে, এক মঞ্চে থাকবে না।এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপি থেকে বেরিয়ে পাঁচ বছর তো এলডিপি আওয়ামী লীগের পাশেই ছিল। কিন্তু আওয়ামী লীগ তো তাদের জোটেও নেয়নি, ভোটেও নেয়নি। তাই সরকারের পড়ন্ত বেলায় তাদের সঙ্গে গিয়ে লাভ কী। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে প্রস্তাব এসেছে, কিন্তু এলডিপি মনে করে এখন এ ধরনের প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না। সে কারণেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির হরতালে এলডিপি সমর্থন দিয়েছে।অন্য দলগুলো দোটানায়: বিকল্পধারার সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলটিকে জোটে আসার প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যমে নির্বাচনী জোট গঠনও ছিল বিএনপির লক্ষ্য। তবে ১২ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে বিকল্পধারা বিএনপিকে খুব একটা আশান্বিত করতে পারেনি। দলটি শুধু পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির গণ-অনশনে সংহতি প্রকাশ করে। কিন্তু ওই কর্মসূচিতে যোগ দেওয়ার বিএনপির অনুরোধও তারা রক্ষা করেনি।বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির সঙ্গে শুধু গণ-অনশনের বিষয়ে তাঁরা একমত হয়েছেন। এর বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা এগোয়নি। তবে ভবিষ্যতে এ নিয়ে আলোচনার সুযোগ আছে।এর বাইরে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে বিএনপি আলোচনা করলেও তেমন সাড়া মেলেনি।একাধিক সূত্রমতে, শেষ পর্যন্ত কাদের সিদ্দিকীকে বৃহত্তর জোটে পেতে পারে আওয়ামী লীগ। খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তিনি যেসব শর্ত দিয়েছেন, তাতে বিএনপির পক্ষে তাঁকে নেওয়া কঠিন।কাদের সিদ্দিকী গত শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জোটে জামায়াতের বিষয়টি বিবেচনার জন্য বলেছেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে থেকে জোট গঠনে তাঁর দলের অসুবিধা আছে। তিনি খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করতেও অনুরোধ করেন।আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারেন কাদের সিদ্দিকী: ১৯ জুলাই কাদের সিদ্দিকী আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন আপন ভাই পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। মন্ত্রীর দাপটে তিনি নির্বাচনী এলাকায় ঠিকমতো যেতে পারেন না বলে জানিয়েছেন। এর প্রতিকার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। নির্বাচনী এলাকা, ভবিষ্যৎ জোট নিয়ে আলোচনা হলে তিনি থাকতে চান আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের সঙ্গেই।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, কাদের সিদ্দিকী কিছু সমস্যার কথা বলেছেন। এগুলো নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। আগামী মাসের শুরুতে হয়তো প্রধানমন্ত্রী তাঁকে সময় দেবেন।কাদের সিদ্দিকী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আলোচনাই গণতন্ত্রের মূলমন্ত্র। এই শুভ কাজটি যত বেশি হবে, ততই ভালো।সূত্র জানায়, ১৪ দলের শরিক দলের নেতাদের বাইরে ওবায়দুল কাদের সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান, ন্যাপের এনামুল হক, জাসদের (রব) রব, কৃষক শ্রমিক জনতা পার্টির আবদুস সামাদের সঙ্গে ফোনে কথা বলেন। সুশীল সমাজের কয়েকজনের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানা গেছে।গত ২১ জুলাই এলডিপির চেয়ারম্যান অলি আহমদের বাসায় গিয়ে বৈঠক করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। পরদিন ওবায়দুল কাদের বৈঠক করেন অলি আহমদের সঙ্গে। কিন্তু এতে ইতিবাচক কোনো ফল আসেনি।বাম দলগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়তে চায়: সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, তাঁরা আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে ঐক্য চান না। বরং বামপন্থী কমিউনিস্টদের নিয়ে একটি বিকল্প ঐক্য গঠনের দিকে যাবেন। তিনি জানান, ইতিমধ্যে বাসদের সঙ্গে তাঁদের আলোচনা এগিয়েছে। বিএনপির ঐক্যের আহ্বান সম্পর্কে সিপিবির নেতা বলেন, তাঁদের দল কোনো জোটেই যাবে না। বিএনপির সঙ্গে যাওয়ার প্রশ্নই আসে না। কেননা, বিএনপিতে জামায়াতের প্রভাব বেড়েই চলেছে। বাসদ বিএনপির প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছে বলে বিএনপির এক নেতা জানান। দলটির আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই শরীরের দুই হাত মাত্র। এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।