অলিম্পিক অ্যাথলেট থেকে যৌনকর্মী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনবার ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিকে অংশ নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট সুজি ফেভর হ্যামিলটন। এর আগে জাতীয় পর্যায়ে নয়বার অ্যাথলেটিক প্রতিযোগিতার শিরোপাও জিতেছেন তিনি। তবে ক্রীড়াঙ্গন থেকে অবসর নেওয়ার পর পুরোপুরি ভিন্ন একটা জগতে পা রেখেছিলেন হ্যামিলটন। বেশ কিছুদিন লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ আরও কিছু শহরে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন বলে স্বীকার করেছেন মার্কিন এই অ্যাথলেট। আর এ পথে পা বাড়ানোটা যে খুবই ভুল হয়েছিল, তা-ও মেনে নিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার আকস্মিকভাবে নিজের জীবনের এই গোপন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী হ্যামিলটন। ঘণ্টায় ৬০০ ডলারের বিনিময়ে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ আরও কিছু আমেরিকান শহরে তিনি কাজ করেছেন যৌনকর্মী হিসেবে। মূলত ব্যক্তিগত জীবনের কিছু টানাপোড়েন ও হতাশা থেকেই এ পথে গিয়েছিলেন বলে জানিয়েছেন হ্যামিলটন। তিনি বলেছেন, ‘সবাই আমার কথা বুঝতে পারবে, আমি এমনটা আশা করি না। কিন্তু সেই সময়ে এটা করাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল। আমি ওই সময়টা খুবই হতাশায় ভুগছিলাম। এটাকে হয়তো খানিকটা পাগলামি মনে হবে। এটা কখনো প্রকাশিত হবে, এমনটাও আমি ভাবিনি। সে কারণে এখন কাউকে আঘাত দেওয়ার মতো কোনোকিছু বলব না।’ তবে সে সময়ের সিদ্ধান্তটা যে সঠিক হয়নি, সেটা স্বীকার করে নিয়েছেন হ্যামিলটন। যৌনকর্মী হিসেবে কাজ করার জন্য অনুশোচনাও করেছেন তিনি। বলেছেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরেই মনোবিশেষজ্ঞের সাহায্য নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক না হচ্ছে, ততক্ষণ হয়তো এটা নিতে হবে। আমি যে আমার কাজের জন্য কতখানি অনুশোচনায় ভুগছি, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমার এ কাজের জন্য আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি। আর এখন আমার পরিবার-বন্ধুবান্ধব, যাঁরা আমাকে সহায়তা করেছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। হতে চাই একজন ভালো মা, স্ত্রী, কন্যা ও বন্ধু।’এনডিটিভির খবরে বলা হয়, ১৯৯২ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছিলেন হ্যামিলটন। বার্সেলোনা অলিম্পিকে ১৫০০ মিটার দৌড়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় এই মার্কিন অ্যাথলেটকে। ১৯৯৬ সালে ৮০০ মিটার দৌড়েও প্রথম রাউন্ডেই ছিটকে পড়েন তিনি। সফলতার মুখ দেখতে পারেননি ২০০০ সালের সিডনি অলিম্পিকেও। সেবার তিনি গিয়েছিলেন ১৫০০ মিটার দৌড়ের চূড়ান্ত পর্বে। বেশির ভাগ সময় ছিলেন সবার সামনেই। কিন্তু শেষ ১৫০ মিটার ভালোমতো দৌড়াতে পারেননি হ্যামিলটন। ফলে সেবার কোনো পদক ছাড়াই শেষ হয় তাঁর অলিম্পিক স্বপ্ন।