আজ লন্ডনে শেষ হচ্ছে অলিম্পিকের ৩০তম আসর। অলিম্পিক মাঠে ক্রীড়াবিদেরা ব্যস্ত ছিলেন তাঁদের পারফরম্যান্স ও কলাকৌশল নিয়ে। অন্যদিকে পুরো অলিম্পিক নিয়েই ব্যস্ত ছিলেন বিজ্ঞানী ও গবেষকেরা। লন্ডনের অলিম্পিক ভিলেজ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে হারলোর বিশাল গবেষণাগার। অলিম্পিকের এই গবেষণাগারের নেতৃত্বে আছেন কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানী ক্রিস্টিয়ান বার্টলেট। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্রীড়াবিদদের রক্তে এরিথ্রোপোয়েটিন (ইপিও) নামের হরমোনসহ আরও রাসায়নিক বস্তুর অস্তিত্ব অনুসন্ধান করা হয়। অলিম্পিকের জন্য লন্ডনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের প্রথমেই হাজির হতে হয়েছে হারলোর গবেষণাগারে। বিজ্ঞানী বার্টলেট সহকারীদের নিয়ে সাত হাজারের বেশি ক্রীড়াবিদের মূত্র ও রক্তের নমুনা সংগ্রহ করেন। দ্রুত সময়ে ডোপ পরীক্ষার পর প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্টিফিকেট পান ক্রীড়াবিদেরা। বিশাল নমুনা ভান্ডার হিমায়িত করে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করা হয়। বিভিন্ন দেশে মাদকদ্রব্য ও ওষুধ ব্যবহারের নির্দিষ্ট কোনো মাত্রা না থাকাটাই সবচেয়ে বড় বাধা গবেষকদের। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ে বাহরাইনের ক্রীড়াবিদের স্বর্ণপদক জয় করার পরও তা বাতিল করা হয়। এবার ট্র্যাকে নামার আগে সেই সুযোগ দেননি বার্টলেট। ২০০৮ সালের অলিম্পিকে সাঁতারে ২৫টি নতুন বিশ্বরেকর্ড হয়। সেবার ব্রিটিশ সাঁতারুদের সামুদ্রিক প্রাণীতে পরিণত করেন গবেষক স্টিফেন টার্নক। সাঁতারুদের সঙ্গে সাইক্লিস্টদেরও আশীর্বাদ ছিলেন সাউথাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রকৌশল গবেষণাগারের এই পরিচালক। বাতাসের বিরুদ্ধে আনুভূমিক অবস্থান পরিবর্তন, সাঁতারুর দেহ ও সাইকেলের কৌণিক গতির পরিবর্তন, সাইকেল ট্র্যাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে অবস্থান পরিবর্তন, শরীরের উচ্চতা অনুসারে পানিতে হাত ও পায়ের অবিরাম নিয়মিত চাপ প্রয়োগ, মাথার কৌণিক অবস্থান পরিবর্তনের কারণে ব্রিটিশরা এই খেলাগুলোতে সফলতা পায়। সেই অলিম্পিকে ব্রিটিশদের সাইকেলে পদকের আশা ছিল ছয়টি, সেখানে টার্নকের কারণে ব্রিটিশরা লাভ করে ১৪টি পদক। ব্রিটিশ সাঁতারুরা তিনটি পদকের আশায় বেইজিং এসে নিয়ে যান ছয়টি। ২০০০ সালে সাঁতারুদের পোশাকে ডারমাল ডেনিকলস নামের উপাদান যোগ করা হয়, যা সংগ্রহ করা হয় হাঙরের পাখনা থেকে। যার ধারাবাহিকতায় লন্ডন অলিম্পিকে ‘ফাস্ট স্ক্রিন থ্রি’ নামের পদ্ধতি প্রয়োগ করা হয়। ক্যাপ, গগলস আর সাঁতারের পোশাক দিয়ে একেকজন সাঁতারুকে ব্যারাকুডা বানিয়ে ফেলা হয়। এ জন্যই গত অলিম্পিকে হয়তো শুধু সাঁতারেই ২১টি বিশ্বরেকর্ড। স্টিফেন টার্নক জানান, ‘যে সাঁতারুর চুল যত বেশি মসৃণ, তিনি সাঁতারে তত ভালো, গতিশীল।’ লন্ডন ২০১২ অলিম্পিকের ভেন্যুগুলোও নির্মাণ করা হয় পরিবেশবান্ধব প্রযুক্তিতে। বিভিন্ন ভেন্যুর ট্র্যাকগুলো তৈরিতে ব্যবহূত হয়েছে পুনঃ ব্যবহার্য পিভিসি ফেব্রিকস। দৌড়ের ট্র্যাকের নিচের অংশে বসানো হয় শক অ্যাবসর্ভিং কুশন। লন্ডন অলিম্পিকে আলোচিত ক্রীড়াবিদদের একজন অস্কার পিস্টোরিয়াস। তিনিই প্রথম অলিম্পিয়ান, যিনি গবেষণাগারে তৈরি প্রসথেটিক পা ব্যবহার করে স্বাভাবিক দৌড়বিদদের সঙ্গে দৌড়েছেন। গবেষকেরা এবার দৌড়বিদ ও অ্যাথলেটদের জন্যতৈরি করেছেন স্লিপ ট্র্যাকিং ডিভাইস এবং মোশন ক্যাপচার সিস্টেম। বডি ইমেজিং সেন্সর পদ্ধতিতে দৌড়বিদেরা প্রশিক্ষণের সময়নিজেরাই প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করেন। সেন্সরের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, দেহের অবস্থান আগে থেকেই ঠিক করতে পারেন দৌড়বিদেরা। মার্কিন ক্রীড়াবিদদের জন্য নাসা বানিয়েছে অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তির বিশেষ ধরনের ট্রেডমিল। এতে দৌড়ানোর সময় নভোচারীদের মতোই নিজের ওজনের মাত্র ২০ ভাগ অনুভব করে অ্যাথলেটরা।তথ্যসূত্র: নেচার সাময়িকী