অলিম্পিক মানে...
অলিম্পিক গেমস শুনলে আর কার কী মনে হয় জানি না, আমার সবার আগে মনে হয় একটা শব্দ—বিশাল! অলিম্পিক অনেক বড়, এটা যে অজানা ছিল না, তা নয়। তার পরও আট বছর আগে এথেন্সে প্রথম অলিম্পিক কাভার করতে এসে এর বিশালত্ব রীতিমতো হকচকিয়ে দিয়েছিল। অলিম্পিকের সঙ্গে প্রথম পরিচয় বলে এমন হতেই পারে। কিন্তু বেইজিংয়েও যে একই অনুভূতি হলো! আসলে আকারে-মর্যাদায়-আয়োজনে অলিম্পিক এমনই এক মহাযজ্ঞ যে প্রতিবারই বোধহয় একই অনুভূতি হবে।২. সেই বিশালত্বের পরিচয় অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান থেকেই দিতে শুরু করে। কত দেশ, কত পতাকা, কত রং, কত নাম—মাঝে মাঝে মনে হয় মরণের ওপারে যদি কোনো জগৎ থেকে থাকে, সেখান থেকে কি দেখছেন পিয়েরে দ্য কুবার্তিন! তাঁর কি কল্পনাতেও ছিল, একদিন অলিম্পিক বিশ্বমানবের এমন মিলনমেলা হয়ে উঠবে! উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টটা শুধু খেয়াল করে দেখবেন, এই বিশ্ব আর কোনো উপলক্ষেই তো এমন এক পতাকাতলে এসে দাঁড়ায় না।৩.মিলনমেলা শুধু অ্যাথলেটদেরই নয়, সাংবাদিকদেরও। অলিম্পিকে আমার কাছে তো খেলার চেয়ে এমপিসিটাও কম আকর্ষণীয় মনে হয় না। এমপিসি মানে মেইন প্রেস সেন্টার। এথেন্সের মতো বেইজিংয়েও আমি কাজ করতে করতে মাঝেমধ্যে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকাতাম। সারি সারি মাথা। একেক ল্যাপটপে একেক ভাষা। সবচেয়ে মজা হলো, চব্বিশ ঘণ্টা খোলা এমপিসিতে সব সময়ই আপনি ডেডলাইনের মধ্যে লেখা পাঠাতে গলদঘর্ম কাউকে না কাউকে পাবেন। বিশ্বের সব টাইম-জোনের সাংবাদিকই আছেন এখানে। কারও হয়তো স্থানীয় সময় দুপুর তিনটায় পত্রিকার ডেডলাইন, কারও বা রাত তিনটায়।৪.এথেন্স অলিম্পিকের একটা জিনিস খুব মিস করি—মিডিয়া ভিলেজ। বেইজিংয়ে হোটেলে ছিলাম। এবারও তা-ই থাকতে হচ্ছে। লন্ডনে প্রচুর হোটেল আছে বলে সেগুলোকেই মিডিয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আয়োজকেরা, মিডিয়া ভিলেজ বানানোর ঝামেলায় আর যাননি। এথেন্সে যে মিডিয়া ভিলেজটাতে ছিলাম, অলিম্পিক পার্ক থেকে তা ছিল বেশ দূরে। বিরতিহীন বাসে আসতেও ঘণ্টা খানেক লাগত। মিডিয়া ভিলেজ থেকে সেই বাসস্ট্যান্ডে আসতে আবার ‘টয় ট্রেন’-এর মতো একটা বাহন ছিল। বুঝতেই পারছেন, কতটা জায়গা জুড়ে ছিল ওই মিডিয়া ভিলেজ। ভেতরে সিনেমা হল ছিল, ফুটবল মাঠ-বাস্কেটবল কোর্ট, রেস্টুরেন্ট-টেস্টুরেন্ট তো ছিলই। ছোট্ট একটা মিডিয়া সেন্টারও।৫.ওই মিডিয়া ভিলেজে সকালে নাশতার জায়গাটা ছিল সাগরতীরে। সেখানে একেক দিন বিচিত্র সব অভিজ্ঞতা হতো। মনে আছে, একদিন এক টেবিলে নাশতা করতে বসেছি, পেরু না কোন দেশের এক সাংবাদিক আগের রাতে ইকুয়েস্ট্রিয়ানের এক ইভেন্ট নিয়ে মহা রোমাঞ্চিত। সেই রোমাঞ্চের ভাগ আবার আমাকে দেবেনই দেবেন। সবিস্তারে বর্ণনা করেন আর বারবার আমাকে মনে করিয়ে দেন, আমি কী মিস্ই না করেছি! খেলাটা ঘোড়ার পিঠে চড়ে খেলতে হয়—এ ছাড়া আমি ইকুয়েস্ট্রিয়ান কিছু বুঝি নাকি! তার পরও ওই বুড়োর উৎসাহ দেখে আমাকে কপট দুঃখী হয়ে যেতে হয়, আসলেই বড় একটা মিস্ করেছি!আরেকদিন এক ফরাসি তরুণের সঙ্গে পরিচয় হলো। ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। তাঁর খেলার জগৎ শুধুই ফেন্সিংময়। ফেন্সিংটা আমি খুব ভালো বুঝি। সেটি কেমন, জানেন? ওই তো ওই খেলাটা না, যাতে মুখ-টুখ ঢেকে আর পেছনে একটা সুতার মতো কী বেঁধে হাতে তরবারির মতো কী একটা নিয়ে একে অন্যকে ‘মারা’র চেষ্টা করে! ওই তরুণ আমার ফেন্সিং সম্পর্কে এই ‘বিশাল জ্ঞান’ এবং সেটি বিস্তৃত করার অনাগ্রহ দেখে যারপরনাই মর্মাহত হলো। কেন এটা সব খেলার সেরা খেলা, তা বোঝানোর চেষ্টাও করল কিছুক্ষণ। আমি উল্টো ক্রিকেট বোঝানোর চেষ্টা করায় অবশ্য ও রণে ভঙ্গ দিল।৬.শুধু তো সাংবাদিকদের কথাই হচ্ছে। গত দুটি অলিম্পিক কাভার করেছি, খেলার কিছু মনে পড়ে না? অনেক কিছুই পড়ে, তবে সব ছাপিয়ে চোখে ভাসে হাসিমুখ এক তরুণ আর ক্রন্দসী এক তরুণীর ছবি। বেইজিং অলিম্পিকে মাইকেল ফেল্প্স যা করেছেন, সেটির তুল্য কিছু দেখতে কত দিন অপেক্ষা করতে হবে কে জানে! তবে আপনার কী হয় জানি না, বেইজিং অলিম্পিক বললে প্রথমেই আমার ফেল্পেসর কথা মনে হয় না, চোখে ভাসে উসাইন বোল্টের হাসিমুখ। হেলায়-ফেলায় দৌড়েও তিন ইভেন্টে বিশ্ব রেকর্ডের কারণেই শুধু নয়, বোল্ট সবার হূদয়ে ঢুকে গিয়েছিলেন তাঁর আমুদে চরিত্রের কারণে। ১০০ মিটারের মতো স্নায়ুক্ষয়ী ইভেন্টের আগেও হাসছেন, মজা করছেন। মিক্সড জোনে যতবার দেখেছি, মুখে অমলিন ওই হাসি।১০০ মিটারে বিশ্বজয় করার পর সংবাদ সম্মেলন। বিশাল কনফারেন্স রুমে সব চেয়ার তো ভর্তিই, পেছনে একটা চাতালমতো জায়গায় জট বেঁধে দাঁড়িয়ে ৭০-৮০ জন সাংবাদিক। এর মাঝখানে দাঁড়িয়ে কনুইয়ের গুঁতো থেকে বাঁচার জন্য নানা কসরত করতে হচ্ছে। এর মধ্যে বোল্টের রসিকতায় আবার না হেসেও পারা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিয়ানদের ভাষা এমনিতেই রংচঙে। আর বোল্ট তো জন্মগতভাবেই শো-ম্যান। কথায় কথায় রসিকতা করলেন। ওই সংবাদ সম্মেলনের পর অলিম্পিকে ‘চিকেন নাগেট্স্’ হয়ে গেল সবচেয়ে আলোচিত। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দৌড়ের আগে কী করেছেন? ‘সকালে উঠে চিকেন নাগেট্স্ খেলাম। খেয়ে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার চিকেন নাগেট্স্। স্টেডিয়ামে চিকেন নাগেট্স্ নিয়ে এসেছিলাম, ওয়ার্মআপ করে আবার তা খেলাম।’ পরে বোল্টের কোচের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তখন মনে হচ্ছিল, বোল্ট কেএফসি বা ম্যাকডোনাল্ডসের পণ্যদূতের কাজ করছেন না তো!৭.কান্নাভেজা মুখটা এথেন্স অলিম্পিকের। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে হাত থেকে ব্যাটন পড়ে যাওয়ায় ডিসকোয়ালিফায়েড হয়েছিল যুক্তরাষ্ট্র। মিক্সড জোনে যুক্তরাষ্ট্র দলের বাকি তিনজনও মন খারাপ করে আছেন, কিন্তু একজন অঝোরে কেঁদে চলেছেন। মারিয়ন জোন্সের ওই কান্নাভেজা মুখটা ওই অলিম্পিকের সবচেয়ে ট্র্যাজিক ছবি হতে পারত। হয়নি তাঁর ডোপ কেলেঙ্কারির কারণে। একটা পদক হাতছাড়া করে কান্নার চেয়ে ‘ঝলমলে’ অ্যাথলেট-জীবনের কলঙ্কিত সমাপ্তির পর কান্নাটাই তো বেশি গুরুত্ব পাবে। জোন্সের আরও ‘বড় কান্না’র কাছে তাই হারিয়ে গেছে এথেন্সের ওই কান্না। কেন যেন ছবিটা রয়ে গেছে আমার মনে। ৮.লন্ডন অলিম্পিক কী নিয়ে অপেক্ষা করছে? এবারও তো রচিত হবে কান্না-হাসির কত মহাকাব্য! গত অলিম্পিকের দুই মহানায়ক এবারও আছেন। বোল্ট-ফেলপ্সেক ছাপিয়ে এবার কি নতুন কোনো তারকা? আর একটু অপেক্ষা করুন। এই অপেক্ষার নামও অলিম্পিক!