অলিম্পিক সেরা ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নৈপুণ্যের আলোয় যুগে যুগে অলিম্পিককে আলোকিত করেছেন শত শত বরেণ্য ক্রীড়াবিদ। সেই কীর্তিমানদের মধ্য থেকে প্রথম আলোর বিচারে বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জনকে। তাঁদের নিয়ে লিখেছেন আরিফুল ইসলামপাভো নুর্মিট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৯ সোনা, ৩ রুপাবর্তমান বাস্তবতায় বিশ্বাস করা কঠিন। কিন্তু ১৯১০ ও ১৯২০-এর দশকে অ্যাথলেটিক ট্র্যাকে ছিল ফিনল্যান্ডের রাজত্ব। দুরন্ত একঝাঁক ফিনিশ অ্যাথলেটকে একসঙ্গে বলা হতো ‘ফ্লাইং ফিনস’। এঁদের মধ্যে একজন ছিলেন আরও একধাপ এগিয়ে—পাভো নুর্মিকে বলা হতো ‘কিং অব ফ্লাইং ফিনস!’ শুধু ফিনল্যান্ডের কেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সর্বকালেরই সেরা মনে করা হয় নুর্মিকে। তবে তিন অলিম্পিকে ৯টি সোনাসহ ১২টি পদক, ১৯২০-এর দশকে মধ্য ও দূরপাল্লার দৌড়ে ২৯ বার বিশ্ব রেকর্ড—এত কিছুর পরও নুর্মির ক্যারিয়ার যেন এক অসমাপ্ত গল্প। ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে গিয়েও অংশ নিতে পারেননি তিনি ‘পেশাদার’ বলে! সে সময় অলিম্পিকে নিষিদ্ধ ছিলেন পেশাদারেরা। জার্মানিতে একটা প্রতিযোগিতায় আয়োজকদের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে তাঁকে পেশাদারের তালিকায় ফেলে দেওয়া হয়। তবে নুর্মি অমর হয়ে গেছেন এর আগেই। ১৯২০ সালে জিতেছেন ১০ হাজার মিটার, ক্রস কান্ট্রিতে দলীয় ও ব্যক্তিগত সোনা। পরের অলিম্পিকে ১৫০০ মিটার, ৫০০০ ও ৩০০০ মিটার এবং ক্রস কান্ট্রির দলীয় ও ব্যক্তিগত সোনা। মাত্র ২৬ মিনিটের ব্যবধানে দুটি বিশ্ব রেকর্ডের অবিশ্বাস্য কীর্তি। ১৯২৮ সালে জিতেছেন ১০ হাজার মিটারের সোনা। লস অ্যাঞ্জেলেসের আক্ষেপ কিছুটা ঘুচেছে ১৯৫২ সালে নিজ দেশের অলিম্পিকে মশাল বহন করে। ১৯৬৭ সালে ৭০তম জন্মদিনে তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী!জেসি ওয়েন্সট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৪ সোনামাত্র চারটি সোনা জিতে সর্বকালের সেরা অলিম্পিয়ানদের তালিকায় আসা কঠিন। কিন্তু জেসি ওয়েন্স যে অলিম্পিক কিংবা খেলাধুলার সীমানা ছাড়িয়ে ছুঁয়েছিলেন মানবতার সীমা! তাঁর পায়ে জয় হয়েছিল মানবতার। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকটাকে নাৎসিদের পুনর্জাগরণ দেখিয়ে দেওয়ার মঞ্চ কল্পনা করেছিলেন এডলফ হিটলার। নাৎসিদের পরিকল্পনা ভেস্তে দিল যুক্তরাষ্ট্র থেকে আসা দাস বংশোদ্ভূত এক কালো ছেলে। ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। ১৯৩৫ সালের ২৫ মে বিগ টেন মিটে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে পাঁচটি বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন, ছুঁয়েছিলেন আরেকটি। আর বার্লিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চারটি সোনা জিতে ২৩ ছুঁই-ছুঁই তরুণ জার্মান জাত্যাভিমানে দিলেন বড় একটা ধাক্কা। ১০০ মিটার, ২০০ মিটার, লং জাম্পের ব্যক্তিগত সোনা, সঙ্গে ৪১০০ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা। প্রচলিত আছে, অনন্য এই বিজয়ীর সঙ্গে হাত মেলানো এড়াতেই নির্ধারিত সময়ের আগে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন হিটলার। অনেক পরে ওয়েন্স বলেছিলেন, ‘শুধু হিটলার কেন, আমার দেশের প্রেসিডেন্টও কি হাত মিলিয়েছেন আমার সঙ্গে!’ ‘কালো’ বলে নিজ দেশেও উপেক্ষিত, দরিদ্র ভাগচাষির ছেলে, ক্রীতদাসের নাতি, জুতা সেলাইকারী ওয়েন্স এভাবেই হয়ে ওঠেন অবহেলিতের মাথা তুলে দাঁড়ানোর প্রতীক।ফ্যানি ব্লাঙ্কার্স-কোয়েনট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৪টি সোনা মেয়েদের কাজ ঘরকন্নার। সংসার, বাচ্চাকাচ্চা আগলে রাখা। যুগের দাবি মেনে ফ্যানি ব্লাঙ্কার্স-কোয়েনও ছিলেন আদর্শ গৃহবধূ হয়ে। কিন্তু ভেতরের অ্যাথলেট-সত্তা মাথাচাড়া দিত প্রায়ই। ছোটবেলা থেকেই যে টেনিস, সুইমিং, জিমন্যাস্টিকস, ফেন্সিং, আইস স্কেটিং, দৌড়—এই ডাচ তরুণী ছিলেন প্রায় সবকিছুতেই! ১৯৩৫ সালে বিশেষভাবে জোর দিলেন শুধু অ্যাথলেটিকসে। পরের বছর বার্লিন অলিম্পিকে দুটি ইভেন্টে অংশ নিয়ে পঞ্চম ও ষষ্ঠ। এরপর জীবনের স্রোতে গা ভাসিয়ে থিতু হলেন বিয়ে-থা করে, মা হলেন দুই সন্তানের। ট্র্যাককে তবু ভুলতে পারেন না! মনের সেই ক্ষুধা মেটাতে ৩০ বছর বয়সে নাম লেখালেন ১৯৪৮ লন্ডন অলিম্পিকে। বয়স, সময় আর সেই যুগকে বুড়ো আঙুল দেখিয়ে কদিন পর ঢুকে গেলেন ইতিহাসেও। দুই সন্তানের মা জিতে নিলেন ১০০ ও ২০০ মিটার, ৪১০০ মিটার রিলে ও ৮০ মিটার হার্ডলসে জিতলেন সোনা। যেন মেয়েদের জেসি ওয়েন্স! নাম পেলেন অবশ্য ‘ফ্লাইং ডাচ হাউসওয়াইফ’! মেয়েদের ক্রীড়া জাগরণের অবিসংবাদিত অগ্রদূত হয়েও বরাবরই বিনয়ী। বিংশ শতাব্দীর সেরা নারী অ্যাথলেট নির্বাচিত হওয়ার পর বলেছিলেন, ‘কেন আমাকে নিয়ে এত হইচই? অন্যদের চেয়ে স্রেফ একটু জোরে দৌড়েছি, এই তো! ’এমিল জাটোপেকট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৪ সোনাপাভো নুর্মির আলোয় আলোকিত শুরু হয়েছিল ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকের। ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট নুর্মি ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ মশালবাহক। সেই আলোর ছোঁয়া পেয়েই কিনা হেলসিঙ্কির ট্র্যাক আলোকিত করেছিলেন চেকোস্লোভাকিয়ার মধ্য ও দূরপাল্লার এক দৌড়বিদ—এমিল জাটোপেক। অথচ লিকলিকে দুর্বল শরীর বলে খেলাধুলা এড়িয়ে চলতেন ছোট থেকেই। ১৬ বছর বয়সে চাকরি নিয়েছিলেন বাটা জুতার কারখানায়। কারখানার কোচ একদিন জাটোপেকেসহ চারজনকে নিয়ে গেলেন ট্র্যাকে। নিজেকে অসুস্থ দাবি করে পিছিয়ে গিয়েছিলেন জাটোপেক। কিন্তু নাছোড়বান্দা কোচ তাঁকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে, মিলল ‘ফিট’ সার্টিফিকেট। ট্র্যাকে নামতেই হলো, ১০০ জনের মধ্যে দৌড়ে অবিশ্বাস্যভাবে দ্বিতীয় হয়ে গেলেন জাটোপেক। এরপর নিজেই সিরিয়াস হয়ে গেলেন অ্যাথলেটিকস নিয়ে। চার বছরের মাথায় তাঁর দখলে ২০০০, ৩০০০ ও ৫০০০ মিটার দৌড়ের জাতীয় রেকর্ড! ১৯৪৮ সালে লন্ডনে ৫০০০ মিটারে সোনা জিতে শুরু অলিম্পিক অভিযান। তবে আসল ভেল্কিটা দেখালেন হেলসিঙ্কিতে পরের অলিম্পিকে। ৫০০০ ও ১০০০০ মিটারে বিশ্ব রেকর্ড করে সোনা তো জিতলেনই, দৌড় শুরু হওয়ার মিনিট কয়েক আগে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লেন ম্যারাথনে। সেখানেও বিশ্ব রেকর্ড গড়ে সোনা! ১৯৫২-কে ‘অলিম্পিক অব জাটোপেক’ বলা হয় কি আর এমনি এমনি!লারিসা লাতিনিনাজিমন্যাস্টিকসঅলিম্পিক পদক: ৯ সোনা, ৫ রুপা, ৪ ব্রোঞ্জঅনেকের দৃষ্টিতেই সর্বকালের সেরা অলিম্পিয়ান। ব্ল্যাঙ্কার্স-কায়েনের নারী জাগরণ সবচেয়ে বেশি দোলা দিয়েছিল যেন তাঁর মনেই। একই সিঁড়ি বেয়ে একসময় ব্ল্যাঙ্কার্স-কায়েনকেও ছাড়িয়ে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়! লাতিনিনাও ছিলেন গৃহবধূ। তাঁর লড়াইটা ঠিক বোঝাতে পারবে না শুধু গৃহবধূ পরিচয়টাই। ১৯৫৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই জিমন্যাস্ট যখন পাঁচটি সোনা জিতলেন, তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা! সন্তান জন্মের পর মাত্র দিন কয়েকের ছুটি নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়েছিলেন জিমন্যাস্টিকসে। যুগের চোখরাঙানির শিকার ছিলেন তিনিও। বলা হয়েছিল, লাতিনিনার জিমন্যাস্টিকস ক্যারিয়ার শেষ। কিন্তু ছোটবেলায় ব্যালে নাচ শেখা মেয়েটি যে ছন্দের টানে জিমন্যাস্টিকসে এসেছিল, সেই ছন্দ ভোলে কী করে! ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে জিতেছিলেন ৪ সোনাসহ ৬টি পদক। পরের দুই অলিম্পিকে ‘মা’ লাতিনিনা জিতে নেন আরও ৫ সোনাসহ ১২টি পদক! মাইকেল ফেল্পেসর (১৪) পর অলিম্পিকে সবচেয়ে বেশি (৯টি) সোনাজয়ী চার ক্রীড়াবিদের একজন, যাঁদের মধ্যে একমাত্র নারী ক্রীড়াবিদ তিনিই। নারী-পুরুষ মিলিয়েই একটা রেকর্ডে তাঁর ধারেকাছে কেউ নেই। অলিম্পিকে সব মিলিয়ে ১৮টি পদক জিতেছেন এই রুশ জিমন্যাস্ট!মার্ক স্পিৎজসাঁতারঅলিম্পিক পদক: ৯ সোনা, ১ রুপা, ১ ব্রোঞ্জবলা হতো, দুটি জিনিসের অভাব নেই স্পিৎজের—আত্মবিশ্বাস আর পদক! দুই বছর বয়সে সাঁতার শুরু করেছিলেন। বয়স ১০ পার হতে না হতেই দখলে যুক্তরাষ্ট্রের জাতীয় বয়সভিত্তিক সাঁতারের ১৭টি রেকর্ড আর একটি বিশ্ব রেকর্ড! ১৯৬৮ অলিম্পিক শুরু হওয়ার আগেই তিনি ‘মহাতারকা’। ছয়টি সোনা জয়ের ঘোষণা দিয়ে গিয়েছিলেন মেক্সিকোতে। সংশয়ের দৃষ্টিতে তাকায়নি কেউই, তখনই যে গুনে গুনে ১০টা বিশ্ব রেকর্ডের মালিক স্পিৎজ! কিন্তু গর্জনের ধারেকাছেও বর্ষণ হলো না। রিলের দুটি সোনা ছাড়া আর কিছুই জুটল না কপালে। প্রিয় ১০০ মিটার বাটারফ্লাইয়েও হারলেন, ২০০ মিটার বাটারফ্লাইয়ে কেলেঙ্কারির শেষ করলেন সবার শেষে সাঁতার শেষ করে! বড় মঞ্চের এমন ব্যর্থতায় অনেকেই হয়তো হতাশায় হারিয়ে যেতেন, কিন্তু স্পিৎজ অন্য ধাতুতে গড়া। নিজেকে ভেঙেচুরে গড়লেন পরের অলিম্পিকের জন্য। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে প্রবল দাপটে প্রত্যাবর্তন, একে একে সাতটি সোনা জিতে ইতিহাসে ঢুকে গেলেন ‘মার্ক দ্য শার্ক’, সাতটিতেই ছিল বিশ্ব রেকর্ড! স্বদেশি মাইকেল ফেল্প্স গত অলিম্পিকে ভেঙেছেন স্পিৎজের কীর্তি। উত্তরসূরিকে অভিনন্দন জাানিয়ে একটা আক্ষেপও করেছিলেন স্পিৎজ, ‘সেই সময় ৫০ মিটার ফ্রি-স্টাইল থাকলে আমিও ৮ সোনা জিততাম!’নাদিয়া কোমানিচিজিমন্যাস্টিকসঅলিম্পিক পদক: ৫টি সোনা, ৩টি রুপা, ১টি ব্রোঞ্জউৎকর্ষের শেষ বলে কিছু নেই—চিরায়ত এই ধারণাকে মিথ্যা প্রমাণ করেছিলেন। ইতিহাসে অমর হওয়ার জন্য যথেষ্ট তো এটাই! ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকের সবচেয়ে বড় বিস্ময় ছিলেন নাদিয়া কমোনিচি। আনইভেন প্যারালাল বারে নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতেছিলেন দশে দশ পেয়ে! ১৪ বছরের কিশোরীর নামই হয়ে যায় ‘পারফেক্ট টেন’। যে বয়সে বাচ্চাদের চোখের আড়ালই করতে চান না বাবা-মা, নাদিয়ার জিমন্যাস্টিকস শুরু সেই বয়সেই। ছয় বছর বয়সে জিমন্যাস্টিকস শুরু করে সাত বছর বয়সেই সোনা জেতেন রোমানিয়ার জাতীয় প্রতিযোগিতায়। আট বছর বয়সে হয়ে যান জাতীয় প্রতিযোগিতায় সেরা জিমন্যাস্ট! নয় বছর বয়সে জেতেন প্রথম আন্তর্জাতিক সোনা। আর ১৪ বছর বয়সে তো বিশ্বমাত! ‘পারফেক্ট টেন’ নাম পাওয়ার পর মন্ট্রিয়লে আরও ছয়-ছবার দশে দশ পান নাদিয়া! ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে পাঁচ ফুটের কম উচ্চতার ফুটফুটে কিশোরী হয়ে ওঠেন বিশ্ব তারকা। মস্কোতে পরের অলিম্পিকেও জেতেন দুটি সোনা। তিন যুগ আগে মন্ট্রিয়লে যে আলোড়ন তুলেছিলেন, তা ঢেউ তোলে এখনো। যেকোনো ক্ষেত্রেই চরম উৎকর্ষের উদাহরণ মানেই এখনো ‘পারফেক্ট টেন’ নাদিয়া। কার্ল লুইসট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৯ সোনা, ১ রুপা অ্যালাবামার বার্মিংহামে একটি অ্যাথলেটিক ক্লাব চালাতেন উইলিয়াম ও এভলিন লুইস। তাঁদের ছেলেটি তাই বেড়ে উঠছিল অ্যাথলেটিকস আবহেই। মাঝেমধ্যে ছেলেকে কালো এক নায়কের গল্প শোনাতেন বাবা-মা। নয় বছর বয়সে সেই নায়ক জেসি ওয়েন্সের সঙ্গে দেখা হয়ে গেল ছেলেটির। মনের ভেতর শেকড় গেড়ে বসে একটা স্বপ্ন, ‘হতে হবে জেসির মতো’। স্বপ্ন পূরণ হলো ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ওয়েন্সের পর প্রথম পুরুষ অ্যাথলেট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চারটি সোনা জিতে নিলেন ফ্রেডরিক কার্লটন লুইস! ওয়েন্সকে ছুঁয়ে শুরু, সব মিলিয়ে চারটি অলিম্পিকে নয়টি সোনা জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক যুগের সেরা অ্যাথলেট হিসেবে। ১৯৮৪ সালে জিতেছিলেন ১০০ মিটার, ২০০ মিটার, ৪১০০ মিটার রিলে ও লং জাম্পের সোনা। সিউলে পরের অলিম্পিকে ১০০ মিটার ও লং জাম্পে। ১৯৯২ সালে বার্সেলোনায় লং জাম্প ও ৪১০০ মিটার রিলেতে। টানা দুটি অলিম্পিকে দ্রুততম মানব হওয়ার একমাত্র কীর্তি লুইসের। এরচেয়ে বড় কীর্তি লং জাম্পে। প্রায় ১০ বছর এই ইভেন্টে টানা ৬৫ লড়াইয়ের অপরাজিত থাকা লুইস সোনা জিতেছেন ১৯৮৪ থেকে ১৯৯৬—টানা চার অলিম্পিকে!মাইকেল জনসনট্র্যাক অ্যান্ড ফিল্ডঅলিম্পিক পদক: ৪ সোনাক্যারিয়ার কেটে গেছে শুধু ২ নম্বরে থেকেই। হতাশ ব্রিটিশ ৪০০ মিটার চ্যাম্পিয়ন রজার ব্ল্যাক বলতে বাধ্য হয়েছিলেন, ‘জনসনকে হারাতে পারবে শুধু জনসনই!’ নব্বইয়ের দশকজুড়ে অনেকটা এমন অপরাজেয়ই ছিলেন মাইকেল জনসন। কিন্তু অলিম্পিকের সঙ্গে যেন সুর মেলাতে পারছিলেন না মার্কিন স্প্রিন্টার। ১৯৮৮ অলম্পিকের আগে তিনি উঠতি তারকা, কিন্তু ট্রায়াল চলাকালীন আচমকা পা ভেঙে ফেললেন। ১৯৯২ অলিম্পিকে গেলেন পরিষ্কার ফেবারিট হয়ে, ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড তত দিনে তাঁর হাতে। কিন্তু বার্সেলোনার এক রেস্টুরেন্টে খেয়ে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে ট্র্যাকেই নামতে পারলেন না। ৪০০ মিটার রিলের সোনাটা অবশ্য পেয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত সোনার দুঃখ কি তাতে ঘোচে! বারবার এই ভাগ্যবিড়ম্বনায় আরও জেদ চেপে গেল। ঠিক করলেন এর শেষ দেখেই ছাড়বেন। এই জেদেরই ফসল অনন্য এক কীর্তি। ১৯৯৬ সালে দেশের মাটিতে অলিম্পিকে ২০০ ও ৪০০ মিটারের সোনা জিতে গড়লেন ইতিহাস। অলিম্পিকে ২০০ ও ৪০০ মিটারের ‘ডবল’ জয়ের কীর্তি এই একটিই! পরের অলিম্পিকে ৪০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভূতপূর্ব কীর্তি গড়ে নাম পাকাপোক্ত করলেন অলিম্পিক ইতিহাসে। সর্বকালের সেরা সিপ্রন্টারদের ছোট্ট তালিকায় ঢুকে গেছেন অবশ্য এর আগেই। ২০০ মিটারে তাঁর বিশ্ব রেকর্ড টিকে ছিল ১৩ বছর ধরে, ৪০০ মিটারের বিশ্ব ও অলিম্পিক রেকর্ড তো এখনো তাঁর দখলেই। মাইকেল ফেল্প্সসাঁতারঅলিম্পিক পদক: ১৪ সোনা, ২ ব্রোঞ্জমাইকেল ফেল্প্সকে নিয়ে কোথা থেকে শুরু করা যায়, কোথায় শেষ বা আদৌ শেষ করা যায় কি না, এটাই বলা মুশকিল। সর্বকালের সেরা অলিম্পিয়ান কে—যুগ যুগ ধরে চলে আসা এই বিতর্ক তিনি থামিয়ে দিয়েছেন। এই মার্কিন তরুণকে অবিসংবাদিত সেরা মানতে আপত্তি করার মতো খুব বেশি কাউকে পাওয়া যাবে না। ২০০০ সালের সিডনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন মাত্র ১৫ বছর বয়সে, ৬৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম সাঁতারু হিসেবে। সেবার কোনো পদক পাননি। তবে এথেন্সে পরের আসরেই ৬ সোনা ও ২ ব্রোঞ্জ জিতে ছুঁলেন এক আসরে সর্বোচ্চ ৮ পদক জয়ের রেকর্ড। পরের আসরে বেইজিংয়ে যা করলেন, সেটা বর্ণনায় যথেষ্ট নয় কিছুই। ৮ পদক জয়ের রেকর্ড ছুঁলেন আবার, এবার ৮টিই সোনা! ছাড়িয়ে গেলেন মার্ক স্পিৎজের ৭ সোনা জয়ের রেকর্ড। ৭টি বিশ্ব রেকর্ডসহ ৮ সোনাজয়—স্রেফ এটাই যথেষ্ট নয় ফেল্পেসর কীর্তি বোঝাতে। নিজে তো ঘোষণা দিয়েছিলেনই, গোটা বিশ্বও যেন প্রতীক্ষায় ছিল তাঁর ৮ সোনার। শুধু পুলের প্রতিদ্বন্দ্বীরাই নয়, এই অনন্ত চাপও জয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। উল্লেখযোগ্য একটি রেকর্ডই শুধু বাকি আছে তাঁর। দলীয়-ব্যক্তিগত—সব মিলিয়ে ফেল্পেসর (১৬) চেয়ে দুটি বেশি পদক কেবল রুশ জিমন্যাস্ট লাতিনিনার। তবে সেই রেকর্ড যে এবার নিজের করে নেবেন, এতে সংশয় আছে সামান্যই। সর্বকালের সেরা অলিম্পিয়ান তো হয়েই গেছেন। আগের দুবারের কাছাকাছিও এবার কিছু করতে পারলে সব খেলা মিলিয়ে সর্বকালের সেরার বিতর্কটাও হয়তো থামিয়ে দেবেন!