অলিম্পিকে দুর্নীতির পদক থাকলে ভারত পেত
ভারতের যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব বলেছেন, দুর্নীতির জন্য অলিম্পিক গেমসে যদি কোনো পদক দেওয়া হতো, তাহলে ভারত স্বর্ণ জয় করতে পারত। ভারতে কালোটাকা ও অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনরত রামদেবের নেতৃত্বে রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে চলমান তিন দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচির আজ শুক্রবার দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন। এই প্রতীকী অনশন কর্মসূচিতে রামদেবের হাজার হাজার সমর্থক অংশ নিচ্ছেন। অনশনে লোকজন করতালি ও হর্ষধ্বনি দিয়ে উঠলে রামদেব বলেন, এটি করতালি দিয়ে অভিনন্দন জানানোর মতো কোনো অনুষ্ঠান নয়।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অনশন কর্মসূচি চলাকালে জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার আগে রামদেব যোগব্যায়াম পরিচালনা করেন। তাঁর বিভিন্ন দাবির মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী লোকপাল বিল বাস্তবায়ন, স্বাধীন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ (সিবিআই) ও নাগরিক ঐক্য প্রতিষ্ঠা। প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বাধীন টিম আন্নার বিভিন্ন দাবির সঙ্গে রামদেবের দাবির মিল রয়েছে।টিম আন্নার দাবির সঙ্গে একমত পোষণ করে রামদেব বলেন, সিবিআই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারলে রাজনীতি পরিচ্ছন্ন হয়ে যাবে। কারণ, সিবিআইকে এখন বিরোধীদলীয় রাজনীতিকদের ব্ল্যাকমেইল করার কাজে ব্যবহার করা হচ্ছে।