অলিম্পিকে স্মারক মুদ্রার নকশাকার বাঙালি সায়মন
তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক স্বাগতিক ব্রিটেন। আর কয়েক মাস পর লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক; আর তাই চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ক্রীড়াযজ্ঞের স্মারক হিসেবে অলিম্পিক ও প্যারা-অলিম্পিক নিয়ে আলাদা পাঁচ পাউন্ড সমমানের মুদ্রা নকশা প্রণয়নের কাজ চলছে বছর ধরে। ব্রিটেনজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই নকশা প্রতিযোগিতা। জমা পড়া কয়েক হাজার নকশা থেকে সম্প্রতি দি রয়েল মিন্ট যে স্মারক মুদ্রাটি নির্বাচন করল সেটির নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সায়মন মিয়া (২৪)। তিনি বার্মিংহাম স্কুল অব আর্কিটেকচারের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। রাতারাতি চারদিকে ছড়িয়ে পড়ে তাঁর কৃতিত্বের কথা।অলিম্পিককে ঘিরে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের আগাম উত্সবের আমেজ এবং গর্বের উপলক্ষ তৈরি করে দিয়েছে সায়মন মিয়া নামের তরুণটি। প্রতিক্রিয়া জানতে গিয়ে সায়মন প্রথম আলোকে বলেন, ‘স্থাপত্যশৈলী নিয়ে পড়াশোনা করছি ঠিক, কখনো মনে হয়নি এমন একটি সুযোগ আমার হাতে আসবে। আমার স্কুলের একজন শিক্ষক প্রতিযোগিতাটি সম্পর্কে আমাকে একদিন বলেছিলেন। এক মাঝরাতে হুট করে আমার ঘুম ভাঙে আর তখন কেমন করে জানি নকশাটি আমার মাথায় আসে; তখনই পেনসিল দিয়ে একটু সাজিয়ে রেখেছিলাম। স্থাপত্যের শিক্ষার্থী হিসেবে আমার ভাবনায় ছিল ব্রিটিশ স্থাপত্যের সঙ্গে ক্রীড়ার নিবিড় সমন্বয় ঘটানো এবং নকশায়ও স্থান পেয়েছে ব্রিটেনের নান্দনিক স্থাপত্যকর্ম বিগ বেন, লন্ডন আই, সেন্ট পল ক্যাথিড্রেল ইত্যাদি।’সায়মন বলেন, ‘দ্য রয়েল মিন্টের কর্মকর্তা কেভিন ফোন করে জানালেন আমার নকশা নির্বাচিত হওয়ার খবর, আমার বিশ্বাসই হচ্ছিল না; অন্য রকম অনুভূতি, বিশাল প্রাপ্তি।’১৯৫৫ সালে ব্রিটেনে আসা সিলেটের ছাতক উপজেলার বেরুড়া গ্রামের আরজু মিয়ার ছোট ছেলে সায়মন। ‘আমার সন্তানের এই স্বীকৃতি আমার দেশের মুখ উজ্জ্বল করবে বলে জানি; আমি খুবই খুশি,’ বললেন সায়মনের গর্বিত মা পিয়ারা খাতুন। এদিকে ১০ বছর বয়সে শেষ বাংলাদেশ এলেও ভাটা পড়েনি দেশের প্রতি টান। বাংলাদেশ প্রসঙ্গে আত্মবিশ্বাসী সায়মন জানালেন, ‘নানা ক্ষেত্রে অপার সম্ভাবনার দেশ; সুযোগ পেলে দেশে গিয়ে কাজ করার প্রচণ্ড ইচ্ছেও আছে আমার।’সায়মনের এই প্রাপ্তিকে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি সদস্য রুসনারা আলী। তিনি বলেন, ‘আসন্ন অলিম্পিকে আমাদের কমিউনিটির চিরস্থায়ী প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করেছে এই তরুণ।’ পুরস্কার হিসেবে সায়মন পেয়েছেন পাঁচ হাজার পাউন্ড। আর তাঁর নকশা করা লন্ডন অলিম্পিক ২০১২ অথবা পিপা স্যানডারসনের নকশায় প্যারা-অলিম্পিকের স্মারক মুদ্রা ২২ ক্যারেট সোনা কিংবা রুপা যেটাই হোক তার জন্য আগাম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে দি রয়েল মিন্টের ওয়েবসাইটে।