অলির প্রতি জুতা নিক্ষেপ
নারী সাংসদ সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানহানির মামলায় জামিন নিতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের রোষের মুখে পড়েছেন এলডিপির সভাপতি ও সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ। এ সময় তাঁকে লক্ষ্য করে বিক্ষুব্ধ কর্মীরা জুতা ও আবর্জনা ছুড়ে মারেন। এ উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে আদালতে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত থেকে জামিন পান অলি।সম্প্রতি নারী সাংসদদের কটাক্ষ করে বক্তব্য দেন কর্নেল অলি। তাঁর সেই বক্তব্য চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজাদীতে প্রকাশিত হয়। বক্তব্যে তিনি বলেন, ‘চন্দনাইশের একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান করা যাবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের চন্দনাইশে এনে দিলে যুবসমাজের কল্যাণ হবে...।’এ বক্তব্যে মানহানির মামলা করেছেন চন্দনাইশের যুবক আফতাব মাহমুদ।এদিকে আজ জামিন নিয়ে আদালত থেকে বের হয়ে সংবাদ ব্রিফিংয়ের সময় অলির কর্মীদের ধাওয়া করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় দুই সাংবাদিকসহ ছয়জন আহত হন। পরে কর্নেল অলি গাড়িতে করে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁর গাড়ির পেছনের কাচ ভেঙে দেন। অলি দাবি করেছেন, তাঁর ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।পরে লালদীঘির বাসভবনে সংবাদ সম্মেলন করেন কর্নেল অলি। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগে নেওয়ার জন্য মন্ত্রী পর্যায়ের লোক এসেছিল। কিন্তু আমি সাড়া দিইনি। এ কারণে তারা প্রতিহিংসা ও প্রতিশোধের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছে। আমি কোনো সভ্য মহিলার বিরুদ্ধে এ ভাষায় কথা বলিনি। আমার বাবা-মা আমাকে এ ভাষায় কথা বলতে শেখায়নি। যেকোনো সময় গণতন্ত্র বিঘ্নিত হতে পারে। এ জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। আমি যা বলি তা-ই হয়। এ সরকারের পতন অনিবার্য।’