এবারের বিশ্বকাপটার চূড়ান্ত মীমাংসার জন্য যে দুটো দল শেষ দিনে উপস্থিত হবে, মনে হচ্ছে দুই দলই একবার করে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়ে মাঠে পা রাখবে। এই সম্ভাবনার বাইরে এই মুহূর্তে দৃশ্যপটে আছে শুধুই নিউজিল্যান্ড।ক্রিকেট নিয়ে আগাম কথা বলার যতটকু স্বীকৃত সুযোগ আছে, তার সবটুকুর আওতায় আগামীকালের সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ব্ল্যাক ক্যাপদের জেতার সম্ভাবনা খুবই হালকা। সময় এই ভাবনার সঙ্গে সমান্তরালভাবে এগোলে এবারের বিশ্বকাপ ফাইনালটা হবে এক চমকপ্রদ উপমহাদেশীয় ক্রিকেট উৎসব। আয়োজকদের তৃপ্তি মিশে থাকবে রোমাঞ্চকর ক্রিকেট প্রত্যাশায় এবং অবশ্যই উপভোগে। সে রকম হলে পক্ষপাতের আবেগী দায় এড়িয়ে আমাদের জন্য থাকবে এক নির্ভার আনন্দ চাখার দিন। প্রতিবেশীর উৎসবে তো আমাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক অধিকার।কথা বলার ধরনে মনে হতেই পারে শ্রীলঙ্কা ফাইনালে যাচ্ছে, এটা প্রায় ধরেই নেওয়া হয়েছে। বিষয়টা আসলে ও রকমই। ঝুঁকি নিয়ে ও রকম বলতে প্রচুর সাহস জোগান দিচ্ছে কোয়ার্টার ফাইনালের শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে কোনো অর্থেই দাঁড়াতে দেয়নি তারা। নকআউট পর্বের হাই-প্রেসার ম্যাচ। কিন্তু চাপের প্রকোপ ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার মানে একটু বেশি মুখ ভাসালেও সামগ্রিকভাবে ওইটুকুই ছিল সাঙ্গাকারার দলের ওই দিনের অপূর্ণতা। ইংরেজরা মনে হয় কোয়ার্টার ফাইনালে পৌঁছার তৃপ্তিতে শ্রীলঙ্কার সেই ফিল্ডিংয়ের ফাঁকফোকরের সুযোগ নিতে পারেনি। পারেনি শ্রীলঙ্কার হিসেবি বোলিংকে শাসন করতে। আক্রমণে মুরালিধরন-মেন্ডিসের ম্যাজিক জোড়া আসার আগেই শৃঙ্খলিত হয়ে পড়েছে ইংরেজদের ব্যাট। জোনাথন ট্রটের ব্যাটে রানের ধারাবাহিকতা এদিনও ছিল, তবে সেই ব্যাটে দলের দিনের ব্যাটিংকে ক্ষুরধার গতিশীল করার উপযুক্ত অনুপ্রেরণা জোগানোর বারুদ ছিল না। ব্যাটিং পাওয়ার প্লেতে নিষ্প্রভ ইংল্যান্ড ওই বেলাতেই বুঝিয়ে দিয়ে গেছে তাদের পিছিয়ে পড়া। পূর্বাভাসটা অবশ্য আরও আগে চিহ্নিত করে গেছেন খোদ ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। সকাল সকাল দিনের মহানায়ক তিলকরত্নে দিলশানের সাধারণ দর্শন অসাধারণ অফ স্পিনে খাবি খেতে খেতে খেই হারিয়েছেন। লঙ্কান আক্রমণের সূচনা ধরতে এসে দিলশান দিনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন সকাল সকাল। ইংরেজ দলপতি মেজাজ হারাতেই বোল্ড। যেন প্রতীকী অর্থে ম্যাচটাই তুলে দিয়ে গেলেন দিলশানের হাতে। ২২৯ রানের জবাবে দিলশানের শুধুই প্রয়োজন হলো উদ্বোধনী ব্যাটিং সঙ্গী উপুল থারাঙ্গার। অবিচ্ছিন্ন থেকে জোড়া সেঞ্চুরির মাহাত্ম্যে হেসেখেলে শ্রীলঙ্কাকে পৌঁছালেন সেমিফাইনালে। কোনো প্রশংসাই যথেষ্ট নয় এদিন দিলশান-থারাঙ্গা ব্যাটিং বিনোদনের। এলেবেলে হয়ে পড়েছিল ইংরেজ আক্রমণ। উপমহাদেশীয় উইকেটে ওদের মূল ভরসা সোয়ানের অফ স্পিন ১০ ওভারের কোটা পূরণ করতে পারেনি। না পারারই কথা, চল্লিশ ওভারও তো লাগেনি দিলশান-থারাঙ্গার জয় নির্মাণ করতে। পায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন দিলশান। কিন্তু যা করে গেলেন, তাতে ইংলিশ ক্রিকেটকে বিশ্বকাপের নিরিখে খুঁড়িয়ে খুঁড়িয়ে কতকাল হাঁটতে হবে কে জানে? শ্রীলঙ্কার সেমিফাইনাল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ উজ্জীবিত। ওরা ইংরেজদের মতো লড়াইহীন হারবে না। গড়ে তুলবে দারুণ প্রতিরোধ। খেলাটি প্রাণবন্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সম্ভাবনাই প্রবল। এবার ওরা যে দারুণভাবে প্রস্তুত।