অল্প সময়ের মধ্যেই তিস্তা চুক্তি স্বাক্ষর হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তির বিষয়টি দুই দেশের সরকারের বিষয়। তবে যেহেতু পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, সেহেতু পশ্চিমবঙ্গ সরকারেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে।দীপু মনি বলেন, ‘মহাকরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠককালে তিনি জানিয়েছেন যে তিনিও চান, বাংলাদেশের মানুষ তিস্তা নদীর পানি পাক।’দীপু মনি অভিযোগ করে বলেন, বিগত চারদলীয় জোট সরকার বিদেশ থেকে ভিক্ষা আনার জন্য বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে দেয়নি।পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন আর বহির্বিশ্বের মানুষ বাংলাদেশকে বন্যা, খরা, মহামারির দেশ হিসেবে মূল্যায়ন করে না। বাংলাদেশকে এখন ইমার্জিং টাইগারের সঙ্গে তুলনা করা হয়। তিনি দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারকে আরও কয়েক বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান।